সংশ্লিষ্ট
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।বৈঠকে তিনটি রাজনৈতিক দলের দুইজন করে প্রতিনিধি রয়েছে। গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার জন্যই এই বৈঠক আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।বিএনপির প্রতিনিধিদলে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।জামায়াতে ইসলামীর পক্ষে বৈঠকে অংশ নিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।এনসিপির প্রতিনিধিদলে রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।ভোরের আকাশ/এসএইচ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।শনিবার (১৩ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ কথা বলেন ফাহিম ফারুকী।ফাহিম ফারুকী বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য ওসমান হাদির ওপর আক্রমণ করা হয়েছে। এ আক্রমণের মধ্য দিয়ে আওয়ামী লীগ বার্তা দিয়েছে যে, এদেশে নির্বাচন হলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সুতরাং নির্বাচন যেন কোনোভাবেই না হয়, সেই লক্ষ্যে আওয়ামী লীগ কাজ করছে।তিনি বলেন, আমাদের পুলিশ প্রশাসন অকার্যকর। স্বরাষ্ট্র উপদেষ্টার যে নিষ্ক্রিয়তা, এর জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি এবং দ্রুততম সময়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আগামী ৬ ঘণ্টার মধ্যে যদি হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা করবো। উপদেষ্টাকে পদ থেকে নামিয়ে আমরা ঘরে ফিরবো। আমরা আলু-পেঁয়াজের গল্প শুনতে চাই না। আমরা বিচার চাই।হাদির অবস্থা সম্পর্কে তিনি আরও বলেন, তিনি নিঃশ্বাস নিচ্ছেন, তাকে ব্লাড দেওয়া হচ্ছে। তার পরিবার সেখানে উপস্থিত আছেন। তার পরিবার চাচ্ছেন যেন উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হয়।গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সন্ধ্যার পর নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।ভোরের আকাশ/এসএইচ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের প্রার্থী থেকে শুরু করে দেশের প্রতিটি নাগরিকের জান-মাল রক্ষা সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব। দরকার পড়লে অন্তর্বর্তী বিশেষ নিরাপত্তা সেল তৈরি করুন।শনিবার (১৩ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।মির্জা ফখরুল লিখেছেন, গতকাল ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এ ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়। জাতীয় নির্বাচনের তফসিল ঘটনার পরের দিনেই এই ঘটনা জাতিকে অত্যন্ত বিক্ষুব্ধ করেছে। তিনি আরও লিখেছেন, আমরা আশা করছি সরকার অতি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করবে এবং সর্বাগ্রে হাদির সুচিকিৎসা নিশ্চিত করবে। একইসঙ্গে আমি সব দলের নেতাকর্মীদের অনুরোধ করছি ধৈর্য এবং প্রজ্ঞার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে। তিনি লিখেছেন, অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করছি আগামী দুই মাস আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন। নির্বাচনের প্রার্থী শুরু করে দেশের প্রতিটি নাগরিকের জানমাল রক্ষা সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব। দরকার পড়লে অন্তবর্তী বিশেষ নিরাপত্তা সেল তৈরি করুন। সবশেষে এই বিএনপি নেতা লিখেছেন, আমরা গতকাল একটি সংবাদ সম্মেলনে ঘোষণা করেছি যে আমাদের এক্টিং চেয়ারপারসন তারেক রহমান বাংলাদেশে ফিরছেন আগামী ২৫ ডিসেম্বর। বিএনপি, বেগম খালেদা জিয়া, তার পরিবার এবং জাতির জন্য এটি একটি বিশেষ দিন। আমরা আশা করছি তার এই দেশে প্রত্যাবর্তন যেন নিরাপদ হয়। ইনশাআল্লাহ বাংলাদেশের সামনে সুন্দর সময়।ভোরের আকাশ/এসএইচ
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে নতুন নির্দেশনা প্রদান করা হয়েছে। অনিয়মিত, মানোন্নয়নে ২০২৬ খ্রিস্টাব্দের পরীক্ষার্থীদের ২০২৫ খ্রিস্টাব্দের পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে। সব শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ বিষয়ে সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষা এনসিটিবির পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে অনুষ্ঠিত হয়েছিল। সেই ধারাবাহিকতায়, ২০২৬ সালের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষায় অনিয়মিত/মানোন্নয়ন হিসেবে যেসব পরীক্ষার্থী অংশগ্রহণ করবে, তাদের পরীক্ষা ২০২৫ সালের পরীক্ষার জন্য ইতোপূর্বে এনসিটিবির পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকেই নেওয়া হবে।সব শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে চিঠিতে।ভোরের আকাশ/এসএইচ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে শনিবার (১৩ ডিসেম্বর) সারাদেশে বিক্ষোভ মিছিল করবে বিএনপি। শুক্রবার (১২ ডিসেম্বর) দলের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।তিনি বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলা, চট্টগ্রামে বিএনপির একজনের ওপর হামলাসহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অপরাধীদের গ্রেপ্তারের আওতায় আনার দাবিতে শনিবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন ও শান্তিপূর্ণ পরিবেশ নস্যাৎ করার জন্য নীলনকশা অনুযায়ী হামলা চলছে। ওসমান হাদির ওপর হামলা তারই অংশ। এর আগেও দেড় মাস আগে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহকে গুলি করে আহত করা হয়েছিল।তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিএনপি ও বিরোধী নেতাদের ওপর দুষ্কৃতিকারীদের হামলা বাড়ছে। এসব হামলার সঙ্গে কারা জড়িত, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই বিএনপি সারাদেশে বিক্ষোভ করবে।ভোরের আকাশ/এসএইচ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় পুলিশকে ‘অলআউট’ অভিযানে নামানোর ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম।আইজিপির মতে, যারা আসন্ন জাতীয় নির্বাচনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে চায়, তারাই এই হামলার সঙ্গে জড়িত।শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি।আইজিপি বলেন, “নির্বাচনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতেই এই হামলা চালানো হয়েছে বলে আমাদের ধারণা। হাদি হত্যাচেষ্টা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। আমরা কাজ করছি এবং ব্যর্থ হব না।”তিনি আরও বলেন, “এটা তারাই করেছে যারা চায় নির্বাচন না হোক বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হোক। বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।”হামলার ফলে রাজনীতি বা আসন্ন নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন আইজিপি। তিনি বলেন, “এখন মূল লড়াই হলো— হামলাকারী কারা এবং এর পেছনে কারা আছে, তা খুঁজে বের করা। আমরা অবশ্যই তা করব। সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ অলআউট অভিযানে নামবে।”তিনি জানান, শুক্রবার রাত থেকেই সারাদেশে এই ধরনের অভিযান শুরু করা হবে।এদিকে আসন্ন নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন বা হবেন, তাদের বাড়তি নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন আইজিপি মো. বাহারুল আলম। তিনি বলেন, “যাদের আমরা ভলনারেবল মনে করছি, তাদের সবাইকে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা দেওয়া হবে।”নিরাপত্তা ব্যবস্থা কীভাবে নিশ্চিত করা হবে— এ প্রসঙ্গে আইজিপি বলেন, “আমাদের কোনো ঐশ্বরিক ক্ষমতা নেই। গত কয়েক দশক ধরে যে পদ্ধতিতে নিরাপত্তা দেওয়া হচ্ছে, সেই পদ্ধতিতেই দেওয়া হবে। প্রয়োজনে সশস্ত্র প্রহরী থাকবে। পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলো প্রার্থীদের ঝুঁকি নির্ধারণ করে প্রয়োজনীয় সতর্কতা ও নির্দেশনা দেবে— কোথায় যাবেন, কোথায় যাবেন না, এসব বিষয়ে।”ভোরের আকাশ/মো.আ.
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে থাকা শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে শহরের খাসমহল এলাকায় এ ঘটনা ঘটে।শনিবার (১৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম।তিনি জানান, বাসায় কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। কী পরিমাণ মালামাল নিয়েছে এখনো সেটা আমরা জানতে পারিনি।নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়।এক পর্যায়ে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে।এদিকে তার গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেই এদিন বিকেলেই ঢাকায় রওনা দেন পরিবারের সদস্যরা।ভোরের আকাশ/মো.আ.
ঢাকার কেরানীগঞ্জের বাবু বাজার এলাকায় জমেলা টাওয়ার নামে ১২ তলা একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, সকাল ৫ টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৫টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।বার্তায় আরও জানানো হয়েছে, কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে। ভোরের আকাশ/মো.আ.