চাঁদপুরের হাজীগঞ্জে পদ্মা পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মার্জিয়া আক্তার (৮) নামে শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির নানি নাজমা বেগম (৫৫) গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিনগত রাত সাড়ে দশটার দিকে হাজীগঞ্জ বাজারস্থ শেরাটন হোটেলের সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশু মার্জিয়া আক্তার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বিঘা গ্রামের কালি বাড়ির মানিক হোসেনের মেয়ে। গুরুত্ব আহত নাজমা বেগম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বড় হাজী বাড়ির মনির হোসেনের স্ত্রী। তাকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শিশু মার্জিয়ার নানা মনির হোসেন বলেন, এদিন রাতে তিনি তার স্ত্রী নাজমা বেগম ও বড় মেয়ের ঘরের নাতিন মার্জিয়াকে নিয়ে হাজীগঞ্জ বাজারে কেনাকাটা করতে আসেন। কেনাকাটা শেষে তারা কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে যাচ্ছিলেন।এসময় তিনি রাস্তা পার হতে পারলে ঢাকা থেকে আগত চাঁদপুরগামী পদ্মা পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়েন স্ত্রী ও নাতিন। তাৎক্ষনিক পথচারিরা তাদেরকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু মার্জিয়া মৃত ঘোষণা এবং নাজমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।স্থানীয় বাসিন্দা সাজ্জাদ রশিদ জানান, তিনি সড়কের উত্তর পাশে ছিলেন। মানুষের ডাক-চিৎকার শুনে সড়কের দক্ষিণ পাশে গিয়ে দুর্ঘটনাস্থল থেকে তাৎখনিক শিশুটিকে কোলে তুলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখনও শিশুটি জীবিত ছিলো, কিন্তু হাসপাতালে গেটে প্রবেশের সময় শিশুটি নিস্তেজ হয়ে পড়ে।হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, হাসপাতালে শিশু মার্জিয়াকে মৃত অবস্থায় পেয়েছি এবং নাজমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তবে তার শারিরিক অবস্থা আশংকাজনক।হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, বাস ও শিশুর মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ভোরের আকাশ/মো.আ.
১ মাস আগে
ফেনী শহরের মুক্ত বাজার এলাকায় জুলাই শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।রোববার (১৬ নভেম্বর) ভোররাতে ওই ঘটনায় সারা জেলায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই দুর্বৃত্তদের আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়- মুখে মাস্ক পরা কয়েকজন ব্যক্তি কেরোসিন ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, “ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ হাতে পেলেই বোঝা যাবে কখন, কীভাবে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”জুলাই আন্দোলনে আহত এ ক্যাটাগরি যোদ্ধা নাহিদুর রহমান জানান, “জুলাই শহীদদের অসম্মান করতেই এভাবে আগুন দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ থাকায় পুলিশ চাইলে দুর্বৃত্তদের চিহ্নিত করতে পারবে।”ঘটনাকে রাজনৈতিক নাশকতা দাবি করেছেন ফেনি জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। তিনি বলেন, “থানার নাকের ডগায় এমন ঘটনা প্রমাণ করে আওয়ামী দুর্বৃত্তরা এখনও ফেনীতে সক্রিয়। সম্প্রতি তারা আরও কয়েকটি স্থানে নাশকতা করেছে। সামনে তারা বড় কোনো ঘটনা ঘটাতে পারে।”তিনি আরও বলেন, “আমরা যারা জুলাই আন্দোলনে সক্রিয় ছিলাম, তারা নিজেদের মধ্যে বিভক্ত হচ্ছি। অথচ আমাদের উচিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া।”আগুনে স্মৃতিস্তম্ভের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পুলিশ ও সংশ্লিষ্ট মহল ঘটনাকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করে তদন্ত জোরদার করেছে।ভোরের আকাশ/মো.আ.
২ মাস আগে
গাইবান্ধা জেলা কারাগারে আবু বক্কর সিদ্দিক মুন্না (৬৮) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।রবিবার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আবু বক্কর সিদ্দিক মুন্না ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।তিনি গাইবান্ধা শহরের মুন্সিপাড়ার বাসিন্দা এবং কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা কারাগারের জেলার মো. আতিকুর রহমান জানান, তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। চলতি মাসের ২ তারিখে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। রবিবার রাত সোয়া ১২টার দিকে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেয়া হয়, যেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি পেশার, ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তবে কারাগারে তার চিকিৎসার বিষয়ে কোনো অবহেলা ছিল না বলেও দাবি করেন তিনি।অন্যদিকে পরিবারের অভিযোগ, দীর্ঘদিন নানা রোগে ভুগলেও তাকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। কারাগারে নেয়ার পর তার সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হয়নি এবং সেখানে নির্যাতন চালানো হয়েছে। এ কারণেই তার মৃত্যু হয়েছে বলে দাবি স্বজনদের।নিহতের ছেলে সৌমিক বলেন, 'বাবা দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তবুও তাকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়। কারাগারে অসুস্থ থাকা সত্ত্বেও যথাযথ চিকিৎসা দেয়া হয়নি। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।'তিনি আরও জানান, প্রথমে তার বাবাকে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন-ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার করে পুলিশ। দীর্ঘদিন জেল খাটার পর তিনি জামিন পান। পরে জামিনে মুক্তি পেলেও জেলগেটে আরেকটি মামলায় পুলিশ তাকে পুনরায় গ্রেফতার করে। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন।এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত তার মরদেহ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।ভোরের আকাশ/মো.আ.
৪ মাস আগে
গ্যাস পাইপলাইন মেরামত কাজের কারণে আজ শুক্রবার রাত ১০টা থেকে ৮ ঘণ্টা কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানিয়েছে, ডেমরা-সিদ্ধিরগঞ্জ-গোদনাইল ভাল্ভ স্টেশনগামী ১০ ইঞ্চি বা ১২ ইঞ্চি বা ১৪ ইঞ্চি মুখ্য বিতরণ পাইপ লাইনের অংশবিশেষ বিচ্ছিন্নকরণ কাজে জরুরি মেরামতের কাজ চলবে।তাই শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা, ফতুল্লা, পঞ্চবটি, মোক্তারপুর ও মুন্সিগঞ্জ এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া, এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।সেই সঙ্গে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।ভোরের আকাশ/মো.আ.
৪ মাস আগে