সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ০৯:২৮ এএম
ছবি: ভোরের আকাশ
সিরাজগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে অর্ধ শতাধিক নেতা কর্মী পদত্যাগ করেছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে তারা এ পদত্যগ করেন।
সংবাদ সম্মেলনে পদত্যাগ কারী নেতারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাম্প্রতিক সাংগঠনিক বিশৃঙ্খলা, অস্বচ্ছ সিদ্ধান্ত এবং দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে আমরা জেলা কমিটির সঙ্গে সকল প্রকার সম্পৃক্ততা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করছি। দীর্ঘদিন সততা, নীতি ও আদর্শ মেনে সংগঠনের জন্য কাজ করেছি। কিন্তু সম্প্রতি যেভাবে পূর্বের বৈধ কমিটিকে বিলুপ্ত না করেই একতরফাভাবে পকেট কমিটি ঘোষণা করা হয়েছে, তা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং সংগঠনের প্রতি প্রকাশ্য অবমাননা। আহ্বায়ক কমিটির মতামত উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা বলেন, নতুন কমিটিতে যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের মধ্যে একাধিক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, নারী-সংক্রান্ত অনৈতিক আচরণ, মাদকসম্পৃক্ততা এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এমন বিতর্কিত ব্যাকগ্রাউন্ডধারী ব্যক্তিদের সঙ্গে একই কমিটিতে থাকা আমাদের নীতির সাথে, মূল্যবোধ ও মর্যাদার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সুতরাং,আমার স্পষ্টভাবে জানাচ্ছি এই অনৈতিক, অসাংগঠনিক ও স্বেচ্ছাচারী প্রক্রিয়ার অংশ হতে আমরা অস্বীকৃতি জানাচ্ছি। আজকে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাথে আমাদের সকল দায়িত্ব ও সম্পৃক্ততা আনুষ্ঠানিক সমাপ্ত হলো।
লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির যুগ্ন আহ্বায়ক সাদমান জাহিনসদিয়া আহমেদ, যুবাইর আল ইসলাম সেজান, শেখ রিয়াদ, মেহেদি হাসান সবিত প্রমুখ।
ভোরের আকাশ/জাআ