ছবি: সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-এর আমন্ত্রণে চীনা দূতাবাসে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক এবং সম্পাদকরা। সোমবার (২২ সেপ্টেম্বর) সভাটি অনুষ্ঠিত হয় ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসে।
সভায় ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নব মনোনীত কোষাধ্যক্ষ এবং ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এইচ. এম. মোশারফ হোসেন।

মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আবাসন সুবিধা বৃদ্ধি, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রসহ বিভিন্ন ইস্যুতে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে নিজেদের মতামত তুলে ধরেন ডাকসুর সম্পাদকবৃন্দ।
আলোচনায় উল্লেখ করা হয়, প্রস্তাবিত চায়না-বাংলাদেশ মৈত্রী হল, যেখানে ৫ হাজার ছাত্রীদের আবাসন সুবিধা থাকবে; তার নির্মাণ কাজ এ বছরের মধ্যেই শুরু হবে।
এছাড়া ডাকসুর নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আরও দুটি নতুন হল নির্মাণের প্রস্তাব দেন। এ প্রস্তাব বাস্তবায়নে দ্বিতীয় ধাপে যৌথভাবে কাজ করার আশ্বাস দেন সম্মানিত রাষ্ট্রদূত।
সভায় তিনি আরও জানান, বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়া, স্বাস্থ্য, স্কলারশিপ, গবেষণা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে আগ্রহী চীন।
আলোচনার শেষে ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে স্মারক প্রদান করা হয়। পাশাপাশি, চীনের রাষ্ট্রদূতও ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা স্মারক উপহার দেন।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে নতুন নির্দেশনা প্রদান করা হয়েছে। অনিয়মিত, মানোন্নয়নে ২০২৬ খ্রিস্টাব্দের পরীক্ষার্থীদের ২০২৫ খ্রিস্টাব্দের পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে। সব শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ বিষয়ে সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষা এনসিটিবির পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে অনুষ্ঠিত হয়েছিল। সেই ধারাবাহিকতায়, ২০২৬ সালের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষায় অনিয়মিত/মানোন্নয়ন হিসেবে যেসব পরীক্ষার্থী অংশগ্রহণ করবে, তাদের পরীক্ষা ২০২৫ সালের পরীক্ষার জন্য ইতোপূর্বে এনসিটিবির পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকেই নেওয়া হবে।সব শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে চিঠিতে।ভোরের আকাশ/এসএইচ
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল (এমবিবিএস) ও ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষা।শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় নির্ধারিত সময়ে দেশের ১৭টি কেন্দ্রের ৪৯টি ভেন্যুতে পরীক্ষা গ্রহণ শুরু হয়।স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সকাল ৮টা থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ শুরু করেন। নিয়ম অনুযায়ী সকাল ৯টা ৩০ মিনিটে কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। এরপর আর কোনো পরীক্ষার্থীকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বর্তমানে ভেতরে পরীক্ষা চলছে, আর কেন্দ্রের বাইরে অপেক্ষায় রয়েছেন হাজারো অভিভাবক। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে শান্তিপূর্ণ পরিবেশ।এবারের ভর্তি পরীক্ষায় ‘মানবিক গুণাবলি’ নামে নতুন একটি বিষয় যুক্ত হওয়ায় পরীক্ষার সময় ১৫ মিনিট বাড়ানো হয়েছে। তাই সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষা চলবে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত। মোট ১ ঘণ্টা ১৫ মিনিটের এই পরীক্ষায় শিক্ষার্থীদের ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে।এ বছর সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে মোট আসন সংখ্যা ১৩ হাজার ৫১টি। এর বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন শিক্ষার্থী। পরিসংখ্যানে দেখা গেছে, প্রতিটি আসনের জন্য লড়ছেন প্রায় ৯ জন (৯.৪০ জন) ভর্তিচ্ছু। আবেদনকারীদের মধ্যে ছাত্র ৪৯ হাজার ২৮ জন এবং ছাত্রী ৭৩ হাজার ৬০৪ জন।পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নের মানবণ্টন হলো: জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থবিজ্ঞান-১৫, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন-১৫। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ-র ভিত্তিতে প্রাপ্ত নম্বর যোগ করে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে। ভোরের আকাশ/মো.আ.
রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।নিহতরা হলেন— আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) ছাত্র ইরাম রেদওয়ান (২৫) ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ছাত্র অপু আহমেদ (২৫)।নিহতদের সহপাঠী তাওসিফ জানান, দুই বন্ধু একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। কোনাপাড়া এলাকায় উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তাদের ধাক্কা দিলে গুরুতর আহত হন তারা। পরে খবর পেয়ে আমরা গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে অপুকে মৃত ঘোষণা করেন এবং তার কিছুক্ষণ পরেই ইরাম রেদওয়ানকেও মৃত ঘোষণা করে। তিনি আরও জানান, তাদের দুজনের বাসা শানারপাড় চিটাগাং রোড এলাকায়। এই ঘটনায় সিটি কর্পোরেশনের ঘাতক গাড়িটি (নম্বর ঢাকা মেট্রো শ-১৪০৫৭৪) পুলিশ জব্দ করেছে।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা পুলিশকে অবহিত করা হয়েছে।ভোরের আকাশ/মো.আ.
২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে লটারির কার্যক্রম শেষে এ ফল প্রকাশ করা হয়।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) তত্ত্বাবধানে পরিচালিত এই ডিজিটাল লটারি প্রক্রিয়ার মাধ্যমে এ বছর সম্পূর্ণ ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। লটারির ফলাফল http://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, দুপুর ২টার পর শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠান-সংশ্লিষ্টরা এই ওয়েবপোর্টালে প্রবেশ করে নির্ধারিত তথ্য দিয়ে ফলাফল জানতে পারবেন। ফলাফল ডাউনলোড করতে শিক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।এছাড়া টেলিটক মোবাইল ব্যবহারকারীরা এসএমএসের মাধ্যমেও ফলাফল পেতে পারবেন। এর জন্য মোবাইলে GSA লিখে তার পর Result এবং এরপর নিজের User ID দিয়ে লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। মুহূর্তের মধ্যেই ফিরে আসা বার্তায় শিক্ষার্থী নির্বাচিত হয়েছে কি না তা জানিয়ে দেওয়া হবে।ডাউনলোডকৃত ফলাফল পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানপ্রধানদের তা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইলে (E-mail) পাঠাতে হবে এবং মাউশিকে অবহিত করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ভর্তি কমিটির সভা আহ্বান করে যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক ভর্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।মাউশি জানিয়েছে, এবার সরকারি-বেসরকারি ৪ হাজার ৪৮টি বিদ্যালয়ে আসন আছে ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। মোট আসনের মধ্যে ৩ হাজার ৩৬০টি বেসরকারি বিদ্যালয়ে আছে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি আসন। এ ছাড়া সরকারি ৬৮৮টি স্কুলে সিট রয়েছে ১ লাখ ২১ হাজার ৩০টি।ভোরের আকাশ/এসএইচ