আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩১ এএম
নেপালের অন্তর্বর্তী সরকারে নতুন তিন মন্ত্রী নিয়োগ
নেপালে সাম্প্রতিক অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারে তিনজন নতুন মন্ত্রী যোগ দিয়েছেন। সোমবার দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী ও সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি কুলমান ঘিসিং, রামেশ্বর খানাল এবং ওম প্রকাশ আরইয়ালকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেন।
নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে কুলমান ঘিসিং পেয়েছেন জ্বালানি মন্ত্রণালয়, রামেশ্বর খানালকে অর্থ মন্ত্রণালয় এবং ওম প্রকাশ আরইয়ালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
গত সপ্তাহে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের (জেন জি) নেতৃত্বে হওয়া অভ্যুত্থানে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির সরকার পতন ঘটে। সহিংস সেই ঘটনায় ৭২ জন নিহত ও কয়েক শ’ মানুষ আহত হয়। এর পর ১২ সেপ্টেম্বর অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা কার্কি।
২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি ছিলেন কার্কি। অবসর নেওয়ার পর তিনি দুর্নীতিবিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন এবং এ কারণে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। অভ্যুত্থানের পর আন্দোলনকারীরাও তাঁকেই অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের জন্য বেছে নেয়।
সুশীলা কার্কি ঘোষণা দিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং অন্তর্বর্তী সরকার নির্বাচনের সার্বিক তত্ত্বাবধান করবে।
রোববার মন্ত্রী নিয়োগ উপলক্ষে দেওয়া ভাষণে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধানের পদ আমি নিজে চাইনি। আন্দোলনকারীরাই মনে করেছেন যে এই দায়িত্ব আমার ওপর অর্পণ করা উচিত— তাই আমি এখানে।”
তিনি আরও বলেন, “আমরা মাত্র ছয় মাসের জন্য ক্ষমতায় থাকব। এরপর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেব।”
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
ভোরের আকাশ//হ.র