ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ০৫:১৫ এএম
ছবি- সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণার সময় এ কথা জানান।
ইসি জানায়, ইতোমধ্যে দেশজুড়ে ৪০ হাজারের বেশি ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। ভোটগ্রহণ কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কার্যক্রমও শেষ হয়েছে। নির্বাচন–সংশ্লিষ্ট সব সামগ্রী পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়ে পাঠানো শুরু হয়েছে।
এর আগে, নির্বাচন কমিশন এক নির্দেশনায় জানায়, সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পরদিন হতে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণবিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা/থানায় অন্যূন দুইজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এরমধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১ হাজার ২৩৪ জন। এছাড়া এবার ৩০০ আসনে মোট ৪২ হাজার ৭৬১টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। আর মোট ভোটকক্ষ থাকবে ২ লাখ ৪৪ হাজার ৭৩৯টি। এর মধ্যে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি। আর মহিলা ভোট কক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি।
ভোরের আকাশ/এসএইচ