স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০১:০৫ এএম
এশিয়া কাপে ওমানকে উড়িয়ে দিল আমিরাত
আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে গ্রুপ ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। সোমবার তারা ৪২ রানে হারিয়েছে ওমানকে। ব্যাটে- বলে সমান অবদান রাখেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম, আলিশান শরাফু ও পেসার জুনায়েদ সিদ্দিকী।
প্রথমে ব্যাট করে ইউএই তোলে ২০ ওভারে ৫ উইকেটে ১৭২ রান। উদ্বোধনী জুটিতে ওয়াসিম-শরাফু গড়েন ৮১ রানের পার্টনারশিপ। শরাফু করেন ৩৮ বলে ৫১, আর অধিনায়ক ওয়াসিম খেলেন ঝকঝকে ৬৯ রানের ইনিংস। এ পথে তিনি প্রথম এমিরাতি ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। শেষদিকে হারশিত কৌশিকের ৮ বলে ১৯ রানে বড় সংগ্রহ পায় দলটি।
টার্গেট তাড়ায় নেমে শুরুতেই ব্যর্থ হয় ওমানের ব্যাটাররা। জুনায়েদ প্রথম দুই ওভারেই ফেরান আমির কালিম ও অধিনায়ক যতীন্দ্র সিংকে (২০)। এরপর হায়দার আলী ও মোহাম্মদ রোহিদের আঘাতে পাওয়ারপ্লেতেই ৫ উইকেট হারায় ওমান।
মাঝে আরিয়ান বিষ্ট (২৪) ও ভিনায়ক শুক্লা (২০) কিছুটা লড়াই করলেও জাওয়াদুল্লাহ সেই জুটি ভেঙে দেন। পরে আবারও ভয়ঙ্কর হয়ে ওঠেন জুনায়েদ—একই ওভারে ফেরান শুক্লা ও হাসনাইন শাহকে। শেষ পর্যন্ত ৪ উইকেট নেন তিনি মাত্র ২৩ রানে।
অবশেষে ১৮.৪ ওভারে ১৩০ রানে অলআউট হয় ওমান। ফলে ৪২ রানের দাপুটে জয়ে এশিয়া কাপে প্রথম সাফল্যের স্বাদ পায় আমিরাত।
ভোরের আকাশ//হ.র