স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০১:০৩ এএম
এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর হুমকি পাকিস্তানের
ভারত-পাকিস্তান ম্যাচের পর হাত মেলানো বিতর্ক এশিয়া কাপে নতুন সংকট তৈরি করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়ে দিয়েছে— তাদের দাবি মানা না হলে দলকে টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করতেও তারা দ্বিধা করবে না।
ঘটনার সূত্রপাত হয় রোববার দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ শেষে। পাকিস্তানি ক্রিকেটাররা ড্রেসিং রুমের সামনে দাঁড়িয়ে ভারতের খেলোয়াড়দের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু সূর্যকুমার যাদব ও শিভম দুবে সরাসরি ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে পিসিবি অভিযোগ তোলে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট টসের সময় নাকি দুই অধিনায়ক— সূর্যকুমার যাদব ও সালমান আঘাকে— হাত না মেলাতে নির্দেশ দেন।
পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “ম্যাচ রেফারি কোড অব কন্ডাক্ট ও ‘স্পিরিট অব ক্রিকেট’-এর নিয়ম ভেঙেছেন। আমরা চাই তাকে অবিলম্বে এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়া হোক।”
ক্রিকেটপাকিস্তান ডটকম জানিয়েছে, যদি পাইক্রফটকে সরানো না হয় তবে ১৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে খেলতে নামবে না পাকিস্তান। তাদের ভাষায়, “পাইক্রফটকে সরাতে হবে, নয়তো আমরা আর কোনো ম্যাচ খেলব না।”
এদিকে এসিসি সূত্র জানিয়েছে, হাত না মেলানো ঘটনায় ভারতীয় দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। যদিও আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো হয়নি।
রোববারের ম্যাচে পাকিস্তান আগে ব্যাট করে তোলে ১২৭ রান। জবাবে ভারত ২৫ বল হাতে রেখে সহজ জয় তুলে নেয়। কিন্তু ফলাফলের চেয়ে বড় হয়ে উঠেছে হাত মেলানো নিয়ে বিতর্ক এবং সেটিকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক টানাপোড়েন।
পরিস্থিতি যেমন দাঁড়িয়েছে, সুপার ফোরে আগামী রোববার ভারত ও পাকিস্তান আবারও মুখোমুখি হতে পারে। তবে তখন মাঠে ক্রিকেটের লড়াই আলোচনায় থাকবে, নাকি নতুন করে বিতর্ক— সেটিই এখন দেখার বিষয়।
ভোরের আকাশ//হ.র