ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০১:৩৬ পিএম
সংগৃহীত ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছি না। তবে আমরা কিছুটা উদ্বিগ্ন। তবে যথাসময়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও জিলা স্কুল মাঠে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
দ্বিবার্ষিক সম্মেলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, প্রস্তুতির সব কাজ শেষ করা হয়েছে। তিনি বলেন, সম্মেলনকে ঘিরে নানা আয়োজন রয়েছে। আমরা আশা করছি, এটি অত্যন্ত সফল একটি সম্মেলন হবে। সবচেয়ে বড় পাওয়া হলো—আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এ সম্মেলনের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হবে।
বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে ঠাকুরগাঁওয়ে বিএনপির নেতা-কর্মীদের নামে ৭৫টির বেশি মামলা হয়। এসব মামলায় প্রায় সাড়ে সাত হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়। তাঁদের আদালতে হাজিরা দিতে হয়েছে। জেলে যেতে হয়েছে। গ্রেপ্তার এড়াতে ধানখেতে লুকিয়ে থাকতে হয়েছে। একটা অরাজনৈতিক, অগণতান্ত্রিক ও নিষ্ঠুর পরিস্থিতির মধ্য দিয়ে ঠাকুরগাঁও বিএনপিকে সময় পার করতে হয়েছে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সহ-সভাপতি আবু তাহের, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ