মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ০৮:৩৯ এএম
ছবি-ভোরের আকাশ
বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মাগুরা মুক্ত দিবস পালিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) জেলা প্রশাসন এবং মাগুরা প্রেসক্লাব পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য স্মরণ করে বিভিন্ন আয়োজন সম্পন্ন করে।
সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মো. আখতার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ওয়ালিদুজ্জামান, হারেজ উদ্দিন প্রমুখ।
এদিকে সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মুক্তিযোদ্ধা মো. ওয়ালিয়র রহমান, সহসভাপতি শামীম খান, আলোক বোস, এড. সঞ্জয় রায় চৌধুরী, মো. সাইফুল্লাহ, দেলোয়ার হোসেন, শাহিন আলম তুহিন, শেখ ইলিয়াস মিথুন, রূপক আইচ, মো. ইমরান হোসেনসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
১৯৭১ সালের এই দিনে মাগুরা পাক হানাদার বাহিনীর দখলমুক্ত হয়। এর আগে ৬ ডিসেম্বর আকাশপথে মিত্রবাহিনীর বিমান হামলা এবং মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর স্থল আক্রমণের মুখে পাক সেনারা মাগুরা ছাড়তে বাধ্য হয়। ৭ ডিসেম্বর ভোরে শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার নেতৃত্বে মুক্তিবাহিনী বিজয়ের পতাকা হাতে মাগুরা শহরে প্রবেশ করে এবং পুরো শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করে। মুহূর্তেই মুক্তিকামী মানুষের মিছিলে মুখরিত হয়ে ওঠে গোটা শহর।
সন্ধ্যায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। কর্মসূচিতে প্রেসক্লাবের সদস্যরা অংশ নেন।
ভোরের আকাশ/জাআ