মোঃ ইউনুছ আলী, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫ ০৩:৪৯ এএম
কুড়িগ্রামে শহীদ আশিক মেমোরিয়াল স্ট্রিট স্ট্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আশিকুর রহমানের স্মৃতি রক্ষায় কুড়িগ্রামে নির্মিত হচ্ছে “শহীদ আশিক মেমোরিয়াল স্ট্রিট স্ট্যাম্প”। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৫টায় শহরের ঘোষপাড়াস্থ শাপলা চত্বরে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
জেলা পরিষদের অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে এই স্ট্রিট স্ট্যাম্প নির্মিত হচ্ছে।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ হোসেন বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান মিজান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক আবদুল আজিজ নাহিদ এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ।
শহীদ আশিকুর রহমান কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের চাঁন মিয়ার ছেলে। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। ৪ জুলাই শহরের শাপলা চত্বর এলাকায় আন্দোলনের সময় ছাত্রলীগ ও যুবলীগের হামলায় আশিক গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তাঁর ত্যাগ ও স্মৃতিকে সম্মান জানিয়ে সরকারিভাবে এই স্ট্রিট স্ট্যাম্প নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
ভোরের আকাশ//র.ন