অর্থনীতি ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৪ এএম
অর্থ কেলেঙ্কারির অভিযোগে ফরিদপুরের কর কর্মকর্তা সাময়িক বরখাস্ত
রাষ্ট্রের বিপুল রাজস্ব ক্ষতিতে জড়িত থাকার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর অঞ্চল–ফরিদপুরের অতিরিক্ত সহকারী কর কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) এনবিআরের কর প্রশাসন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষর করেন। সোমবার বিষয়টি প্রকাশ করে এনবিআর।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আর্থিক সুবিধা গ্রহণের মাধ্যমে রাষ্ট্রের বিপুল রাজস্ব ক্ষতিতে ভূমিকা রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২ অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তের সময়কালীন নিয়ম অনুযায়ী তিনি খোরপোশ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।
ভোরের আকাশ//হ.র