আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫ ০১:০৩ এএম
নিজেকে পিটিআই দলের ‘প্যাট্রন-ইন-চিফ’ ঘোষণা করলেন ইমরান খান
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নিজেকে দলের ‘প্যাট্রন-ইন-চিফ’ হিসেবে ঘোষণা করেছেন। কারাবন্দি অবস্থায় থেকেই তিনি এ সিদ্ধান্ত নেন, যা দলের আসন্ন দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
বুধবার (৪ জুন) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগের দিন, মঙ্গলবার আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে দলের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
গোহর আলী বলেন, “ইমরান খান নিজেকে দলের প্যাট্রন-ইন-চিফ ঘোষণা করেছেন এবং কারাগার থেকেই দলের ঘোষিত প্রতিবাদ আন্দোলনের নেতৃত্ব দেবেন।”
তিনি আরও জানান, আন্দোলন সংক্রান্ত যাবতীয় দিকনির্দেশনা বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুব খানের মাধ্যমে জানানো হবে।
উল্লেখ্য, গত সপ্তাহেই ইমরান খান তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে শেয়ার করা এক বার্তায় দেশের জনগণকে প্রতিবাদে প্রস্তুত থাকার আহ্বান জানান।
ভোরের আকাশ//হ.র