নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫ ০৯:১৩ পিএম
বাংলাদেশে ব্যবসার সুযোগ খুঁজছে পাকিস্তানের এনগ্রো হোল্ডিংস
পাকিস্তানের এনগ্রো হোল্ডিংসের সিইও আব্দুল সামাদ দাউদ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তাদের আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা। সাক্ষাতকালে এনগ্রো সিইও বাংলাদেশের টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বিশেষ আগ্রহ প্রকাশ করেন এবং কম্পানির কার্যক্রম প্রসারের ইচ্ছা জানান।
আবদুল সামাদ দাউদ বলেন, আমরা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের সম্ভাবনা নিয়ে বেশ আগ্রহী এবং শিল্প প্রবৃদ্ধিতে ভোলা থেকে গ্যাস বিতরণে সহায়তা করার ক্ষেত্রে আমরা বড় প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই আগ্রহকে স্বাগত জানিয়ে টেকসই ও দূরদর্শী সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, আমাদের দীর্ঘমেয়াদি প্রকল্পগুলোতে মনোনিবেশ করা উচিত। যা আমাদের মানুষের জীবনযাত্রার উন্নতি নিয়ে আসে।
এ সময় আবদুল সামাদ দাউদ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত চার দিনব্যাপী সম্মেলনের প্রশংসা করেন। তিনি বলেন, বিডা সম্মেলনে একটি মানবিক স্পর্শ ছিল এটি আন্তরিক, অতিথিপরায়ণ এবং লক্ষ্যনির্ভর মনে হয়েছে। সেই সঙ্গে এক ছাদের নিচে এতগুলো শীর্ষ কোম্পানির প্রতিনিধিত্ব দেখে অভিভূত হয়েছি।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ