বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বয়সসীমা বাড়ানোর উদ্যোগ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

ছবি: সংগৃহীত
দীর্ঘদিনের দাবির পর বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩০ থেকে ৩২ বছরে উন্নীত হওয়ার পর স্বাস্থ্য ক্যাডারেও তা ৩২ থেকে বাড়িয়ে ৩৪ বছর করার দাবি জানিয়ে আসছিলেন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। সেই দাবির পরিপ্রেক্ষিতে বয়সসীমা বৃদ্ধির সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সম্প্রতি ছয় দফা দাবি নিয়ে আন্দোলনে নামেন ইন্টার্ন ও পোস্টগ্রাজুয়েট চিকিৎসকরা। আন্দোলনের অংশ হিসেবে বয়সসীমা বৃদ্ধি ছাড়াও বিভিন্ন পেশাগত ও আর্থিক সুবিধার দাবি উত্থাপন করা হয়। এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনকারী চিকিৎসকদের বৈঠক অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, ৯ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ে বয়সসীমা বৃদ্ধির সুপারিশপত্র পাঠানো হয়েছে। একই সঙ্গে আন্দোলনকারীদের অন্যান্য দাবিগুলো পর্যালোচনা ও বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় কমিটি গঠন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত আহ্বান করা হয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, আন্দোলনরত ইন্টার্ন ও পোস্টগ্রাজুয়েট চিকিৎসকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে যেসব বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছিল, সেসব বিষয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিটিও অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি জানান, স্বাস্থ্যমন্ত্রীর অনুমোদনক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি যৌক্তিকভাবে বিবেচনা করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্বাস্থ্য সচিব আরও জানান, ইন্টার্ন ও পোস্টগ্রাজুয়েট চিকিৎসকদের ভাতা ও বেতন কাঠামো পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর অধীন বিভিন্ন কোর্সের ফি ১১ হাজার টাকা থেকে কমিয়ে ৫ থেকে ৬ হাজার টাকার মধ্যে নির্ধারণের দাবির বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, চিকিৎসকদের উত্থাপিত দাবিগুলোর বিষয়ে দ্রুত সময়ের মধ্যে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে।
ভোরের আকাশ/সু.পা



