স্বাস্থ্য প্রশাসন

ডেঙ্গু পরিস্থিতিতে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল হলে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত চিকিৎসকের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১০ জুন) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষ একসঙ্গে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধবিষয়ক স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। তাদের মাধ্যমে ডেঙ্গু চিকিৎসার গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার থেকে বিরত থাকা এবং রোগীর প্লাজমা লিকেজ শুরু হলে নিবিড় পর্যবেক্ষণে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীর প্লাজমা লিক হলে দ্রুত প্রয়োজনীয় ফ্লুইড সরবরাহ করতে হবে, যাতে রোগী শকে চলে না যায়। এ বিষয়ে সহকর্মী ও সংশ্লিষ্টদের আরও সচেতন করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ডেঙ্গু পরিস্থিতির অবনতি হলে কিংবা রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলে তা দ্রুত স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাতে হবে। প্রয়োজন হলে চিকিৎসকদের বিভিন্ন এলাকায় ভাগ করে দায়িত্ব দেওয়া হবে। মানুষের জীবন রক্ষায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে বলেও আশ্বাস দেন তিনি।

আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর রাজনৈতিক অবদানের কথাও তুলে ধরেন। তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন জিয়াউর রহমান।

এ সময় তিনি জিয়াউর রহমান ও তার ছেলে আরাফাত রহমান কোকো-র আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দেশের কল্যাণে তার নেতৃত্বের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এম এ মুহিত এবং ডা. মো. আব্দুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মো. আবুল কেনান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।

ভোরের আকাশ/সু.পা

ডেঙ্গু পরিস্থিতিতে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী | স্বাস্থ্য কথা