ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪৬

ছবি: সংগৃহীত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৪৬ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ১১৪ জন, ঢাকা বিভাগের (মহানগরের বাইরে) ১০৯ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, বরিশাল বিভাগে ৯৬ জন, খুলনা বিভাগে ৬৫ জন, রাজশাহী বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ২৪ জন এবং রংপুর বিভাগে ৯ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ২৭ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৪৪ জনে। এ সময়ের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২ হাজার ৪৪৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১২৩ জন।
পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের জুন মাসে সর্বোচ্চ ২ হাজার ৯০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। তবে জুলাই মাসেই আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ হাজার ৫৪০ জনে পৌঁছেছে।
আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী। অন্যদিকে, ডেঙ্গুতে মৃত্যুবরণকারীদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪৭ দশমিক ৪ শতাংশ নারী। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে দেশে ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।
ভোরের আকাশ/সু.পা



