দেশে চিকিৎসকের শূন্য পদ ৮ হাজার ১৫৯টি, দ্রুত নিয়োগের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

ছবি: সংগৃহীত
সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকের মোট ৮ হাজার ১৫৯টি পদ বর্তমানে শূন্য রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এসব পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (১১ জুন) জাতীয় সংসদে যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রছুলের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের মোট ১৩ হাজার ২১১টি পদের মধ্যে ৭ হাজার ৪২৯টি পদে জনবল কর্মরত থাকলেও ৫ হাজার ৭৮২টি পদ শূন্য রয়েছে। একই সঙ্গে নার্সের ৩ হাজার ১৮৬টি পদের মধ্যে ২ হাজার ১২০টি পূরণ হয়েছে, আর ১ হাজার ৬৬টি পদ এখনও খালি।
তিনি আরও জানান, ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকের ১ হাজার ৩১৪টি অনুমোদিত পদের মধ্যে ৬৪৪টি পূরণকৃত এবং ৬৭০টি শূন্য। এছাড়া মিডওয়াইফের ১ হাজার ৩১২টি পদের মধ্যে ৭৪৬টি পূরণ হয়েছে, আর ৪৬৬টি পদ শূন্য রয়েছে। অন্য কর্মচারীদের ২ হাজার ৬২৭টি পদের মধ্যে ১ হাজার ৬৮২টি পূরণকৃত এবং ৯১৫টি পদ খালি।
অন্যদিকে, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকের মোট ৩ হাজার ১৬৭টি পদের মধ্যে ১ হাজার ৪৬০টি পূরণ হয়েছে, আর ১ হাজার ৭০৭টি পদ এখনও শূন্য রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতের শূন্যপদে জনবল নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। এর অংশ হিসেবে ৪৫তম বিসিএসের মাধ্যমে ৪৫০ জন, ৪৬তম বিসিএসে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসে ১ হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও জানান, সিনিয়র স্টাফ নার্সের শূন্যপদ পূরণে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ কার্যক্রম চলছে। পাশাপাশি বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দ্রুত এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনাও বাস্তবায়নের পথে রয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চিকিৎসক সংকট দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম বড় চ্যালেঞ্জ। শূন্যপদগুলো দ্রুত পূরণ করা গেলে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।
ভোরের আকাশ/সু.পা



