স্বাস্থ্য প্রশাসন

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আরও ৮ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে হাম-সংক্রান্ত রোগে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৯ জনে। বুধবার (১০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যু না ঘটলেও সন্দেহজনক হাম রোগে আটজনের মৃত্যু হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ জনে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে ৫৪৭ জনের। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৪ জনের। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ৯৪৫ জন।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৯২৭ জন। একই সময়ে সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ২৯ জন। এই সময়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৬৬ হাজার ৯৯৯ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬৩ হাজার ১৪৫ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, নিশ্চিত হাম রোগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়—৫৬ জন। এরপর বরিশালে ১৯ জন, চট্টগ্রামে ১০ জন, সিলেটে ৩ জন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে ২ জন করে মারা গেছে।

সন্দেহজনক হাম রোগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়—২২৯ জন। এরপর রাজশাহীতে ৮৬ জন, সিলেটে ৬৬ জন, ময়মনসিংহে ৫০ জন, চট্টগ্রামে ৪৭ জন, বরিশালে ৩৮ জন, খুলনায় ২৩ জন এবং রংপুরে ৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ওঠানামা করলেও সামগ্রিকভাবে স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ বাড়ছে।

ভোরের আকাশ/সু.পা

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আরও ৮ শিশুর মৃত্যু | স্বাস্থ্য কথা