হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০

ছবি: সংগৃহীত
দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৫ জনে। একই সঙ্গে নিশ্চিত হামে মারা গেছেন ৯৫ জন। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ৮২০ জন। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত হাম পরিস্থিতিবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে।
এ সময় নতুন করে ১৭০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এতে দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৪২ জনে। একই সময়ে আরও ৯৯০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। ফলে সন্দেহজনক রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ২৩ হাজার ৭৫৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬ হাজার ২৩৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ২ হাজার ৪৬৭ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৫৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া বরিশালে ১৯ জন, চট্টগ্রামে ১০ জন, সিলেটে তিনজন এবং ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে দুজন করে মারা গেছেন।
ভোরের আকাশ/সু.পা



