হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪ জনের মধ্যে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার (৮ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৮০ জন নতুন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৯৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় আরও ৫৪ জনের হাম শনাক্ত হয়েছে। ফলে গত ৮৬ দিনে দেশে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ হাজার ৮৪ জনে। এদের মধ্যে ৬৬ হাজার ১৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৩৩ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৬২ হাজার ২৯২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
দেশজুড়ে হামের সংক্রমণ অব্যাহত থাকায় শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ভোরের আকাশ/সু.পা



