অনিয়মের দায়ে এক্টিভ ডায়াগনস্টিক ও হেলথ এইড বন্ধ করলো স্বাস্থ্য অধিদফতর

ছবি: সংগৃহীত
রাজধানীর চানখাঁরপুলে নানা অনিয়মের অভিযোগে এক্টিভ ডায়াগনস্টিক ও হেলথ এইড নামে দুটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রোববার (২৬ জুলাই) বিকেলে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ভুয়া প্যাথলজি রিপোর্ট প্রদান, দালাল চক্রের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে আনা, মানহীন স্বাস্থ্যসেবা প্রদানসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরে ছিল।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, "প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ ছিল। তাদের একাধিকবার সতর্ক করা হয়েছে এবং ত্রুটি সংশোধনের সুযোগও দেওয়া হয়েছিল। কিন্তু সেবার মানে কোনো উন্নতি না হওয়ায় প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেওয়া হয়েছে।"
এর আগে কয়েক মাস আগে একই ধরনের অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠান দুটিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সে সময় সংশ্লিষ্টদের গ্রেপ্তার, দেড় লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠান দুটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।
পরে শর্তসাপেক্ষে বিভিন্ন ত্রুটি সংশোধনের প্রতিশ্রুতির ভিত্তিতে স্বাস্থ্য অধিদফতর থেকে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়। তবে প্রতিশ্রুতি অনুযায়ী পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবং একই ধরনের অনিয়ম অব্যাহত থাকায় এবার প্রতিষ্ঠান দুটি আবারও বন্ধ করে দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/সু.পা



