পাবনার সাঁথিয়ায় স্বাস্থ্যকর্মীসহ ৮ জনের করোনা শনাক্ত

ছবি: সংগৃহীত
পাবনায় নতুন করে আরও আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছয়জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। শনিবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন নার্স, একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং দুজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ ছাড়া হাসপাতালের এক কর্মীর মেয়েরও করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে, আক্রান্ত আরেকজন ভাঙ্গুড়া উপজেলার বাসিন্দা। তার বয়স ৩৩ বছর।
সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মামুন আব্দুল্লাহ জানান, গত ১০ মে উপজেলার ৪৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে সাতজনের করোনা শনাক্ত হয়। তিনি আরও জানান, এর আগে ৯ মে হাসপাতালের এক ইপিআই টেকনিশিয়ানের করোনা শনাক্ত হয়। এরপর হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর নমুনা পরীক্ষা করা হয়।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল আহমেদ জানান, আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে যাতায়াত নিয়ন্ত্রণে লকডাউন কার্যকর করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া এসব বাড়িতে কেউ প্রবেশ বা বের হতে পারবেন না। তিনি আরও জানান, কোয়ারেন্টিনে থাকা পরিবারগুলোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা



