পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রস্তাব অর্থমন্ত্রীর

ছবি: সংগৃহীত
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দীর্ঘদিনের শূন্যপদ পূরণের লক্ষ্যে অবিলম্বে ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।
তিনি বলেন, “আমাকে অত্যন্ত ব্যথিত হৃদয়ে বলতে হচ্ছে, বিগত সরকারগুলোর টিকা সংগ্রহ ও টিকাদান কার্যক্রম বাস্তবায়নে অবহেলা এবং যথাযথ পরিকল্পনার অভাবে দেশজুড়ে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং শিশু মৃত্যুর মতো হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।” এ পরিস্থিতি মোকাবিলায় সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং প্রথম ১০০ দিনের মধ্যেই প্রায় শতভাগ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হচ্ছে বলে জানান তিনি।
অর্থমন্ত্রী আরও বলেন, ইন্টিগ্রেটেড মডিউলার পদ্ধতি, আধুনিক ক্লিনিক্যাল শিক্ষাব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিকিৎসা জ্ঞান ও প্রযুক্তি অন্তর্ভুক্ত করে একটি আধুনিক, দক্ষতা-ভিত্তিক ও ভবিষ্যতমুখী নতুন এমবিবিএস কারিকুলাম চালু করা হবে।
তিনি জানান, নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি নার্সিং বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ের সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশব্যাপী মানসম্মত ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে, যার ৮০ শতাংশই নারী হবে বলে তিনি উল্লেখ করেন।
এবারের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকে পূরণের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।
ভোরের আকাশ/সু.পা



