স্বাস্থ্য প্রশাসন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন স্থগিত

ছবি: সংগৃহীত

ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের চলমান কর্মবিরতি এবং মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচি সাত কার্যদিবসের জন্য স্থগিত করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সোমবার (০৮ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠক শেষে এ ঘোষণা দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম।

তিনি বলেন, বৈঠকে চিকিৎসকদের দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক আশ্বাস দেওয়া হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে এসব সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ায় মঙ্গলবার থেকে কর্মবিরতি ও আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো যৌক্তিক হওয়ায় আলোচনার মাধ্যমে সেগুলোর সমাধানে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জানান, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে নবম গ্রেডের বেসিক বেতনের সমপরিমাণ ২২ হাজার টাকা করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি এফসিপিএস প্রশিক্ষণরত চিকিৎসকদের জন্য কোনো ইনক্রিমেন্ট ছাড়াই নবম গ্রেডের সমপর্যায়ের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

স্বাস্থ্য সচিব আরও বলেন, নতুন পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের ভাতা আনুপাতিক হারে বৃদ্ধি করা হবে। এছাড়া এফসিপিএস পার্ট-১ এবং এমডি/এমএস (ফেজ-১) পরীক্ষায় উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের মাসিক ভাতা প্রদান এবং তা নিয়মিত পরিশোধের ব্যবস্থা করা হবে।

তিনি জানান, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়টিও বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

এ ছাড়া বিসিপিএস ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও মেডিকেল কলেজে কর্মরত এন্ট্রি-লেভেলের চিকিৎসকদের জন্য সম্মানজনক বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগও নেওয়া হবে বলে জানান তিনি।

বৈঠকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ১২ সদস্যের ইন্টার্ন চিকিৎসক প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিরা দাবি বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন।

ভোরের আকাশ/সু.পা

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন স্থগিত | স্বাস্থ্য কথা