বিশেষ

আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের পদত্যাগ

ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতালটির অনুমোদন বাতিলের পর পদত্যাগ করেছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। মঙ্গলবার (১৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ ডা. শেখ মহিউদ্দিনের স্বেচ্ছায় দেওয়া অব্যাহতি গ্রহণ করেছে এবং নির্বাহী পরিচালকের দায়িত্ব অর্পণ করা হয়েছে অধ্যাপক জামালুন্নেসার ওপর।

অধ্যাপক জামালুন্নেসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক। তিনি ২৫ বছরেরও বেশি সময় শিক্ষকতা শেষে সম্প্রতি স্বেচ্ছায় অবসর নিয়েছেন। ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে মাস্টার্স সম্পন্ন করার পর তিনি যুক্তরাজ্যের ‘লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন’ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বিজ্ঞপ্তিতে সম্প্রতি ঘটে যাওয়া শিশুমৃত্যুর ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে বলা হয়, এ ঘটনায় আদ্-দ্বীন পরিবারও গভীরভাবে শোকাহত। প্রাথমিক তদন্তের ভিত্তিতে ইতোমধ্যে দায়িত্ব অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

একই সঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনার কাজ চলছে। হাসপাতালের ভেতরে পর্যাপ্ত আলো-বাতাস চলাচল ও অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে তিনজন স্বাধীন পরামর্শকের তত্ত্বাবধানে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া হাসপাতালের করপোরেট অফিসের ওপরে থাকা একটি বেকারি বন্ধ করে দেওয়া হয়েছে।

আদ্-দ্বীন ফাউন্ডেশন ১৯৮০ সাল থেকে সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য ও শিক্ষা খাতে কাজ করে আসছে। বর্তমানে এর অধীনে ৯টি হাসপাতাল ও ৫টি মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।

তবে মগবাজারের আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের অনুমোদন বাতিলের পর প্রায় ১,৭৯০ জন চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারী (যাদের অধিকাংশই নারী) এবং ২০৯ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ৬৪৬ জন শিক্ষার্থীর শিক্ষা ও পেশাগত ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।

এ অবস্থায় দুই সহস্রাধিক মানুষের শিক্ষা ও কর্মজীবনের ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে এবং রোগীদের মানসম্মত স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও জবাবদিহি নিশ্চিত করতে আদ্-দ্বীন ফাউন্ডেশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুনর্গঠন কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

ভোরের আকাশ/সু.পা

আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের পদত্যাগ | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ