বিশেষ

বাংলাদেশ থেকে ওষুধ নিতে আগ্রহী ফিলিপাইন

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ওষুধ শিল্পের সক্ষমতা কাজে লাগিয়ে ফিলিপাইনের ওষুধের চাহিদা পূরণে সহযোগিতা চেয়েছেন দেশটির রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেট। একই সঙ্গে দুই দেশের বাণিজ্যিক ও জনসম্পর্ক আরও জোরদার করতে ঢাকা-ম্যানিলা সরাসরি ফ্লাইট চালুর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে তাঁর অফিসকক্ষে সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।

কুশল বিনিময়ের পর স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের মাধ্যমে দেশের সব স্তরের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যসেবার বাস্তবচিত্র তুলে ধরা হচ্ছে।

তিনি বলেন, দেশের হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযুক্ত করে চিকিৎসাসেবার মান উন্নত বিশ্বের পর্যায়ে নিয়ে যেতে সরকার নিরলসভাবে কাজ করছে।

বৈঠকে নার্সিং শিক্ষার মানোন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিষয়েও আলোচনা হয়।

এ সময় ফিলিপাইনের রাষ্ট্রদূত জানান, দেশটির মোট ওষুধের ৬৭ শতাংশ পশ্চিমা দেশগুলো থেকে আমদানি করতে হয়। এ পরিস্থিতিতে বাংলাদেশের ওষুধ শিল্পের সক্ষমতা কাজে লাগিয়ে ফিলিপাইনের ওষুধের চাহিদা পূরণে সহযোগিতা কামনা করেন তিনি।

পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও জনসম্পর্ক আরও জোরদার করতে ঢাকা-ম্যানিলা সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও গুরুত্বারোপ করেন ফিলিপাইনের রাষ্ট্রদূত।

সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশের ওষুধ শিল্পের সক্ষমতা কাজে লাগিয়ে ফিলিপাইনের বাজারে ওষুধ রপ্তানির সুযোগ তৈরি হলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হতে পারে।

ভোরের আকাশ/সু.পা

বাংলাদেশ থেকে ওষুধ নিতে আগ্রহী ফিলিপাইন | স্বাস্থ্য কথা