আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল : কর্তৃপক্ষকে শাস্তির হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

ছবি: সংগৃহীত
৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি জানান, শুধু প্যাথলজি বিভাগ নয়, হাসপাতালটির লাইসেন্সই বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর হলি ফ্যামেলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালটিতে নবজাতক ও শিশুদের জন্য নিরাপদ চিকিৎসা পরিবেশ নিশ্চিত করা হয়নি। অক্সিজেন সরবরাহের জন্য প্রয়োজনীয় ভেন্টিলেশন ব্যবস্থাও ছিল না। এমনকি নবজাতকদের শ্বাসকষ্ট দেখা দিলেও দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। ডাকলেও নার্সদের সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, অল্প সময়ের ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে। এমন ঘটনার পর সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। এ কারণে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত যথাযথ এবং এতে কোনো ভুল নেই।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম ও জবাবদিহিতার ঘাটতি দূর করতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারি নির্দেশনা ও আইন অমান্য করে কেউ পার পাবে না। অনিয়ম, অবহেলা ও দায়িত্বহীনতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/সু.পা



