হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা ও নানা অব্যবস্থাপনা নিয়ে রোগীদের অভিযোগের মুখে পড়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোগীদের অভিযোগ শুনে তিনি বলেছেন, হাসপাতালের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসাসেবায় কোনো ধরনের অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডও পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী জানতে পারেন, হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকা সত্ত্বেও অনেক রোগীকে বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে। এতে রোগীদের নিজেদের পকেট থেকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
এ বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, রোগীদের চিকিৎসার জন্য সরকার অর্থ দিচ্ছে। পাশাপাশি হাসপাতালেই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ-সুবিধা রয়েছে। এরপরও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করাতে হলে বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, মুগদা হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। পরিদর্শনের সময় রোগীদের কাগজপত্র পর্যালোচনা ও তাদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, অনেক রোগীকে বাইরে থেকে পরীক্ষা করানো হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। হাসপাতালটিকে প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়েছে। এরপরও যদি রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তিনি বলেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’
সম্প্রতি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সেবাপ্রত্যাশীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে এলে তিনি সরেজমিনে হাসপাতাল পরিদর্শনের সিদ্ধান্ত নেন। পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীকে কাছে পেয়ে রোগীরা হাসপাতালের চিকিৎসাসেবা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি সেবার মান উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
ভোরের আকাশ/সু.পা



