দ্রুত চিকিৎসাসেবার লক্ষ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু

ছবি: সংগৃহীত
রোগীদের বহির্বিভাগে চিকিৎসাসেবা গ্রহণ আরও সহজ, দ্রুত ও সুশৃঙ্খল করতে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ই-টিকিটিং সিস্টেম চালু করা হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এ ডিজিটাল সেবার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার উপস্থিত ছিলেন। পরে তারা ইনস্টিটিউটটি পরিদর্শন করেন এবং নতুন ই-টিকিটিং ব্যবস্থার কার্যক্রম ঘুরে দেখেন।
উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এতদিন বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে রোগীদের ভোর থেকেই হাসপাতালে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হতো। ই-টিকিটিং ব্যবস্থা চালুর ফলে সেই ভোগান্তি অনেকাংশে কমবে। এর মাধ্যমে রোগীরা দ্রুত, সহজ ও সুশৃঙ্খলভাবে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, নতুন এ ব্যবস্থায় একজন রোগীকে মাত্র একবার অনলাইনে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করতে হবে। একবার নিবন্ধন সম্পন্ন হলে রোগীর তথ্য ভবিষ্যতের জন্য নিরাপদভাবে সংরক্ষিত থাকবে।
এর ফলে পরবর্তী সময়ে চিকিৎসাসেবা নিতে নতুন করে তথ্য প্রদান করতে হবে না। পাশাপাশি রোগীর পূর্ববর্তী চিকিৎসা, হাসপাতাল পরিদর্শন এবং অন্যান্য চিকিৎসাসংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকবে, যা চিকিৎসকদের দ্রুত, নির্ভুল ও কার্যকর চিকিৎসাসেবা দিতে সহায়তা করবে।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের উদ্যোগে জনবান্ধব এই আধুনিক সেবাটি বাস্তবায়ন করা হয়েছে। শনিবার থেকেই আনুষ্ঠানিকভাবে ই-টিকিটিং সিস্টেমের কার্যক্রম শুরু হয়েছে।



