স্বাস্থ্য সেবা

ইমিউনোথেরাপিতে শিশুর লিভার ক্যানসার নির্মূলের দাবি

ছবি: সংগৃহীত

ক্যানসার চিকিৎসায় ইমিউনোথেরাপির ক্ষেত্রে নতুন সম্ভাবনার ইঙ্গিত মিলেছে। পরীক্ষামূলক কাইমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর (সিএআর) টি সেল থেরাপির মাধ্যমে তিন বছর বয়সী এক শিশুর মারাত্মক লিভার ক্যানসার পুরোপুরি নির্মূল হওয়ার ঘটনা সামনে এসেছে। শিশুটির হেপাটোব্লাস্টোমা ছিল, যা শিশুদের মধ্যে দেখা দেওয়া এক ধরনের ম্যালিগন্যান্ট লিভার ক্যানসার।

‘দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’-এ প্রকাশিত এক প্রতিবেদনে গবেষকরা সিএআর টি সেল চিকিৎসার পর শিশুটির সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার এই ঘটনা তুলে ধরেছেন।

টেক্সাসের হিউস্টনের বেলর কলেজ অব মেডিসিনের পেডিয়াট্রিক অনকোলজিস্ট ডেভিড স্টেফিন বলেন, এ ঘটনা ইঙ্গিত দেয় যে কেমোথেরাপিতে সাড়া না দেওয়া কঠিন ধরনের কঠিন টিউমারের ক্ষেত্রেও সিএআর টি সেল থেরাপির মাধ্যমে গুরুতর সিস্টেমিক বিষাক্ততা ছাড়াই স্থায়ী চিকিৎসাগত সাড়া পাওয়া সম্ভব হতে পারে।

গবেষকদের তথ্যমতে, শিশুটির ক্যানসার ফুসফুস ও হাড়েও ছড়িয়ে পড়েছিল। তাকে তিন দফা কেমোথেরাপি দেওয়া হয়। পাশাপাশি মূল লিভার টিউমার ও ফুসফুসে ছড়িয়ে পড়া ক্যানসার অপসারণে দুটি অস্ত্রোপচার করা হয়। এরপরও ফুসফুসে নতুন টিউমার দেখা দেয়।

ক্যানসার পুনরায় দেখা দেওয়ার পর শিশুটিকে সিএআর টি সেল থেরাপির পরীক্ষামূলক মানব ট্রায়াল ‘সিএআরই’ গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়। সেখানে তার নিজের টি-সেল থেকে তৈরি পরীক্ষামূলক জিপিসি৩-সিএআর থেরাপির দুটি ডোজ দেওয়া হয়। লিভার ক্যানসার কোষে বেশি পরিমাণে থাকা গ্লাইপিকান-৩ (জিপিসি৩) প্রোটিন শনাক্ত করে আক্রমণ করার জন্য এসব টি-সেলকে জেনেটিকভাবে পরিবর্তন করা হয়েছিল।

চিকিৎসার প্রথম ডোজের পর সিটি স্ক্যান ও রক্তে আলফা-ফেটোপ্রোটিনের মাত্রা কমে যাওয়ার মাধ্যমে শিশুটির আংশিক উন্নতি দেখা যায়। আট সপ্তাহ পর তাকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। পরবর্তী ফলোআপ স্ক্যানে কয়েকটি ক্ষতের দাগ ছাড়া ক্যানসারের আর কোনো দৃশ্যমান লক্ষণ পাওয়া যায়নি। ১২ মাস পর শিশুটিকে সম্পূর্ণ ক্যানসারমুক্ত বলে উল্লেখ করা হয়।

গবেষণার সহলেখক এবং সিয়াটল চিলড্রেনস হাসপাতাল ও ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের শিশু ক্যানসার বিশেষজ্ঞ আন্দ্রাস হেজি বলেন, এ গবেষণার ফলাফল ইঙ্গিত করে যে নতুন এই সিএআর টি সেল পদ্ধতি হেপাটোব্লাস্টোমার চিকিৎসায় নিরাপদ ও কার্যকর হতে পারে।

তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, এটি প্রাথমিক পর্যায়ের একটি ট্রায়ালে মাত্র একজন রোগীর ক্ষেত্রে পাওয়া সাফল্য। ফলে চিকিৎসাটি কতটা কার্যকর ও দীর্ঘমেয়াদে নিরাপদ, তা নিশ্চিত করতে আরও বেশি রোগীর ওপর পরীক্ষা প্রয়োজন। বর্তমানে বেলর কলেজ অব মেডিসিনে ‘সিএআরই’ গবেষণা এবং সিয়াটল চিলড্রেনস হাসপাতালের মাধ্যমে ‘ইমপ্যাক্ট’ নামে আরেকটি ক্লিনিক্যাল ট্রায়ালে এই চিকিৎসা নিয়ে গবেষণা অব্যাহত রয়েছে। সূত্র: সায়েন্স এলার্ট

ভোরের আকাশ/সু.পা

ইমিউনোথেরাপিতে শিশুর লিভার ক্যানসার নির্মূলের দাবি | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ