গবেষণার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণের আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর

ছবি: সংগৃহীত
ডেঙ্গু প্রতিরোধে শুধু সভা-সেমিনার বা তাত্ত্বিক আলোচনায় সীমাবদ্ধ না থেকে গবেষণার মাধ্যমে দ্রুত বাস্তবসম্মত ও কার্যকর সমাধান বের করার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এ জন্য বিজ্ঞানী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে বাস্তবভিত্তিক পাইলট প্রকল্প গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গু ও মশা নিয়ন্ত্রণে ওলবাকিয়া-ভিত্তিক প্রযুক্তি প্রয়োগের সম্ভাবনা নিয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
ফকির মাহবুব আনাম বলেন, দেশের বর্তমান বাস্তবতায় ডেঙ্গু অত্যন্ত গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ঢাকার মতো জনবহুল শহরসহ রাজধানীর বিভিন্ন এলাকা ও হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এ পরিস্থিতিতে দীর্ঘসূত্রিতা না করে দ্রুত মাঠপর্যায়ে নেমে ডেঙ্গু প্রতিরোধে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুসরণ করে বিজ্ঞানী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বাস্তবভিত্তিক পাইলট প্রকল্প গ্রহণ করা গেলে সমস্যাটির স্থায়ী সমাধানের পথ তৈরি হতে পারে।
মন্ত্রী সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গু প্রতিরোধের উদ্যোগ যেন সভা-সেমিনার বা পডকাস্টের মধ্যে সীমাবদ্ধ না থাকে। গবেষণালব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মাঠপর্যায়ে সরাসরি কার্যক্রম পরিচালনা করতে হবে।
প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়ে ফকির মাহবুব আনাম বলেন, এ উদ্যোগে যেকোনো ধরনের সহযোগিতা দিতে তিনি প্রস্তুত। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করা হবে।
বিজ্ঞানীদের উদ্দেশে তিনি বলেন, শুধু গবেষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। জনস্বাস্থ্যের এ সংকট মোকাবিলায় বাস্তবসম্মত ও কার্যকর সমাধান নিয়ে দ্রুত এগিয়ে আসতে হবে।
সভায় বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন ডেঙ্গু ও মশা নিয়ন্ত্রণে গবেষণার ক্ষেত্রে যৌথ সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় একক প্রচেষ্টার পরিবর্তে সম্মিলিতভাবে কাজ করা জরুরি।
আলোচনা সভায় বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং বক্তব্য দেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি, জেনেটিক্স অ্যান্ড ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ঝিয়াওং শি এবং সিমবায়োসি এসইএর প্রধান নির্বাহী ডেভিড কুয়েক ইয়ং কি বক্তব্য দেন। সভায় ডেঙ্গু ও মশা নিয়ন্ত্রণে ওলবাকিয়া-ভিত্তিক প্রযুক্তির সম্ভাবনা এবং এ ক্ষেত্রে বৈজ্ঞানিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
ভোরের আকাশ/সু.পা



