ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট নিয়ে বিশেষজ্ঞদের সেমিনার

ছবি: সংগৃহীত
কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনের আধুনিক চিকিৎসা, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং রক্তরোগ ব্যবস্থাপনার সর্বশেষ অগ্রগতি নিয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালটি এবং ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৩০ জুলাই) ইউনিভার্সেল মেডিকেল কলেজের লেকচার গ্যালারি-১ এ এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, জটিল রক্তরোগের চিকিৎসা এবং আধুনিক কিডনি প্রতিস্থাপনের বিভিন্ন দিক তুলে ধরেন ভারতের ম্যাক্স হেলথকেয়ারের সিনিয়র ডিরেক্টর (হেমাটো-অনকোলজি অ্যান্ড বোন ম্যারো ট্রান্সপ্লান্ট) ডা. সত্যরঞ্জন দাস এবং সিনিয়র ডিরেক্টর (নেফ্রোলজি অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্ট) ডা. অনিল প্রসাদ ভাট। তারা আন্তর্জাতিক অভিজ্ঞতা, উন্নত চিকিৎসা পদ্ধতি এবং সাম্প্রতিক বৈজ্ঞানিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
স্বাগত বক্তব্যে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ভবিষ্যতে হাসপাতালটিতে লিভার, কিডনি, বোন ম্যারো এবং বোন-জয়েন্ট প্রতিস্থাপন সেবা চালুর লক্ষ্যে কাজ চলছে। তিনি দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আন্তর্জাতিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের অভিনন্দন জানান।
নেফ্রোলজি ও কিডনি প্রতিস্থাপনবিষয়ক প্যানেলে অংশ নেন হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শহিদুল ইসলাম (ইউরোলজিস্ট), অধ্যাপক ডা. রানা মোকাররম হোসেন (নেফ্রোলজিস্ট) এবং সহযোগী অধ্যাপক ডা. তোফায়েল আহাম্মদ (নেফ্রোলজিস্ট)।
হেমাটোলজি প্যানেলে ছিলেন হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট লেফটেন্যান্ট কর্নেল ডা. রুকসানা খানম (হেমাটোলজিস্ট), ডা. ফারহানা ইসলাম নীলা (ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ) এবং ডা. মো. আখলাক-উল-ইসলাম (হেমাটোলজিস্ট)।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ডিরেক্টর (মেডিকেল সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ. কে. মাহবুবুল হক, ডেপুটি ডিরেক্টর ডা. কাজী রফিকুল আলম, এইমস হেলথকেয়ার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মুশফিকুর রহমান এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজের বিভিন্ন ক্লিনিক্যাল বিভাগের বিভাগীয় প্রধানরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আনিকা মাহবুব। সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন ডা. আয়েশা সিদ্দীকা। সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল।
সেমিনারে বক্তারা বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন জটিল রোগের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। উন্নত প্রযুক্তি, দক্ষ জনবল এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির ফলে রোগীদের আয়ু বৃদ্ধি, জীবনমানের উন্নয়ন এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অনুষ্ঠানের শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ভোরের আকাশ/সু.পা



