স্বাস্থ্য সেবা

থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা ও কল্যাণে সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির (বিটিএস) আয়োজিত ‘রক্তদাতা সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। স্বেচ্ছায় রক্তদানকারী ব্যক্তিদের অবদানের স্বীকৃতি ও সম্মান জানাতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

থ্যালাসেমিয়া সমিতির নেতৃবৃন্দের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা আমার কাছে আর্থিক সহযোগিতার জন্য একটি আবেদন করবেন। আমি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই।’ স্বেচ্ছায় রক্তদাতাদের প্রশংসা করে তিনি বলেন, একজন তরুণ থ্যালাসেমিয়া রোগীদের জন্য ৪১ বার এবং আরেকজন ৩৮ বার রক্ত দিয়েছেন। রোগীদের জীবন বাঁচাতে তাদের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

প্রাক-বৈবাহিক রক্ত পরীক্ষার গুরুত্ব তুলে ধরে সাখাওয়াত হোসেন বলেন, ‘বিয়ের আগে রক্ত পরীক্ষা করা কোনো নেতিবাচক বিষয় নয়। যদি ছেলে ও মেয়ে—উভয়েই থ্যালাসেমিয়ার বাহক (ক্যারিয়ার) হন, তাহলে তাদের সন্তানের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই সচেতনতা বৃদ্ধি এবং প্রাক-বৈবাহিক স্ক্রিনিংয়ের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।’

তিনি বলেন, জনসচেতনতা বাড়ানো গেলে ভবিষ্যৎ প্রজন্মকে থ্যালাসেমিয়ার মতো জটিল রোগের ঝুঁকি থেকে অনেকটাই সুরক্ষিত রাখা যাবে।

স্বাস্থ্যমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাস্থ্যসচেতনতা বিষয়ক উদ্যোগের স্মৃতিচারণ করে বলেন, তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকদের নিয়ে যেতেন এবং মানুষকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার পরামর্শ দিতেন। সুস্থ জাতি গঠনে জনসচেতনতা বৃদ্ধির ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেছিলেন।

খাদ্যাভ্যাসের পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, অতিরিক্ত পিজ্জা, বার্গার, চিকেন ফ্রাই ও প্রক্রিয়াজাত খাবার গ্রহণের কারণে ক্যানসার, কিডনি রোগসহ নানা জটিল অসুস্থতা বাড়ছে। তাই সবাইকে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণে গুরুত্ব দিতে হবে।

রোগ প্রতিরোধকে চিকিৎসার চেয়ে বেশি কার্যকর উল্লেখ করে তিনি বলেন, গ্রামাঞ্চলেও ক্যানসার, কিডনি ও লিভারের মতো জটিল রোগের প্রকোপ বাড়ছে। এ কারণে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন, কারণ চিকিৎসার চেয়ে প্রতিরোধই অধিক কার্যকর।

অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এম এ মতিনসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ