খাদ্য

ভিটামিন ও খনিজে ভরপুর আমড়ার উপকারিতা

ছবি: সংগৃহীত

স্বাদে টক-মিষ্টি, দেখতে সাধারণ—কিন্তু গুণে অসাধারণ। বলছি আমড়ার কথা। মৌসুম এলেই নীরবে বাজারে আসে এই দেশি ফল। কেউ কাঁচা কেটে লবণ-মরিচ দিয়ে খেয়ে নেন, আবার কেউ তৈরি করেন আচার কিংবা মোরব্বা। এর অনন্য স্বাদ সহজেই মন জয় করে নেয়। তবে আমড়া শুধু স্বাদের জন্য নয়, পুষ্টিগুণের কারণেও গুরুত্বপূর্ণ। সহজলভ্য এই ফলটির স্বাস্থ্য উপকারিতা অনেক, যা জানলে অবহেলা না করে নিয়মিত খাদ্যতালিকায় রাখতে আগ্রহী হবেন অনেকেই।

পুষ্টিগুণে ভরপুর আমড়া : আমড়ায় রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান। এতে ভিটামিন এ, ভিটামিন সি এবং বি ভিটামিনের পাশাপাশি পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ পাওয়া যায়। এসব উপাদান শরীরের বিভিন্ন স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে এবং সামগ্রিক পুষ্টি চাহিদা পূরণে ভূমিকা রাখে।

অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস : আমড়া অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ একটি ফল। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে তৈরি হওয়া ক্ষতিকর ফ্রি র‍্যাডিকেলের প্রভাব কমাতে সহায়তা করে। বিশেষজ্ঞদের মতে, অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার কোষের সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি কমাতে ভূমিকা রাখতে পারে।

হজমে সহায়ক : হজমের জন্যও উপকারী হতে পারে আমড়া। এতে থাকা প্রাকৃতিক উপাদান ও আঁশ হজম প্রক্রিয়াকে সহজ করতে সাহায্য করে। নিয়মিত পরিমাণমতো আমড়া খেলে কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা ও বদহজমের মতো কিছু সাধারণ সমস্যা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

ত্বকের যত্নে উপকারী : আমড়ার অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী বৈশিষ্ট্য ত্বকের জন্যও উপকারী হতে পারে। এটি ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে এবং ত্বকের সুস্থতা বজায় রাখতে সহায়তা করতে পারে। তাই মৌসুমি ও সহজলভ্য এই ফল শুধু স্বাদের জন্য নয়, শরীরের প্রয়োজনীয় পুষ্টি পূরণেও হতে পারে একটি ভালো সংযোজন। তবে যেকোনো খাবারের মতোই পরিমিত পরিমাণে খাওয়াই সবচেয়ে ভালো।

ভোরের আকাশ/সু.পা

ভিটামিন ও খনিজে ভরপুর আমড়ার উপকারিতা | স্বাস্থ্য কথা