বর্ষায় গাড়ি চালানোর এক ভুলেই হতে পারে লাখ টাকার ক্ষতি

বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন সড়কে পানি জমে যায়। অনেক চালক না বুঝেই সেই জলাবদ্ধ রাস্তায় গাড়ি চালান। তবে বিশেষজ্ঞদের মতে, এই একটি ভুলেই পেট্রোল, ডিজেল কিংবা ইলেকট্রিক (ইভি)—সব ধরনের গাড়ির বড় ধরনের ক্ষতি হতে পারে। এমনকি ইঞ্জিন বা বৈদ্যুতিক যন্ত্রাংশ নষ্ট হয়ে লাখ টাকার মেরামত খরচও গুনতে হতে পারে।
কেন ঝুঁকিপূর্ণ?
অনেক নির্মাতা প্রতিষ্ঠান নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত পানি অতিক্রম করার সক্ষমতার কথা বললেও বাস্তব পরিস্থিতি ভিন্ন। জমে থাকা পানি টায়ারের মাধ্যমে ইঞ্জিনে ঢুকে যেতে পারে। এতে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি ইভির মোটর ও বৈদ্যুতিক সিস্টেমও ক্ষতিগ্রস্ত হতে পারে।
হাইড্রোলক কী?
পেট্রোল বা ডিজেলচালিত গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে সিলিন্ডারে পৌঁছালে 'হাইড্রোলক' তৈরি হয়। এতে পিস্টন ও ইঞ্জিনের অভ্যন্তরীণ যন্ত্রাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক ক্ষেত্রে পুরো ইঞ্জিন খুলে মেরামত করতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল।
ইলেকট্রনিক যন্ত্রাংশও ঝুঁকিতে
জমা পানি গাড়ির ইসিইউ (ECU), সেন্সর, ওয়্যারিং ও ফিউজ নষ্ট করতে পারে। ইলেকট্রিক গাড়ির ব্যাটারি ওয়াটার-রেজিস্ট্যান্ট হলেও দীর্ঘ সময় পানিতে থাকলে ব্যাটারি প্যাক ও উচ্চ ভোল্টেজের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এ অবস্থায় গাড়ি স্টার্ট না করে টো করে সার্ভিস সেন্টারে নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
ব্রেক ও ক্লাচেও প্রভাব
দীর্ঘ সময় পানির মধ্যে গাড়ি চালালে ব্রেক প্যাড ও ডিস্কের কার্যকারিতা কমে যেতে পারে। ম্যানুয়াল গাড়ির ক্লাচ প্লেটেও পানি ঢুকে ক্ষতি হতে পারে। এছাড়া ইঞ্জিন অয়েলে পানি মিশে গেলে লুব্রিকেশন কমে গিয়ে ইঞ্জিনের আয়ু হ্রাস পায়।
নিরাপদ থাকতে যা করবেন
- প্রয়োজন ছাড়া জলাবদ্ধ রাস্তায় গাড়ি চালাবেন না।
- পানি জমে থাকা রাস্তা এড়িয়ে চলুন।
- সামনে থাকা গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
- বৃষ্টির সময় গতি নিয়ন্ত্রণে রাখুন এবং হেডলাইট জ্বালিয়ে চালান।
- পানি ঢুকে গাড়ি বন্ধ হয়ে গেলে বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করবেন না।
বিমার বিষয়েও সতর্ক থাকুন
গাড়ির কমপ্রিহেনসিভ ইন্স্যুরেন্সে যদি বন্যা বা পানিজনিত ক্ষতির কভার থাকে, তাহলে ক্ষতিপূরণের দাবি করা যেতে পারে। তবে অনেক ক্ষেত্রে ইঞ্জিনে পানি ঢুকে নষ্ট হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ নাও দিতে পারে। তাই আগে থেকেই বিমার শর্তাবলি ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
ভোরের আকাশ/এনএ