জুলাই শহীদদের স্মরণে অনন্য উদ্যোগ, চিঠিতে জীবন্ত আত্মত্যাগের গল্প

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত একটি ব্যতিক্রমী প্রতীকী স্থাপনা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। লাল রঙের প্রতীকী ডাকবাক্সে ‘জুলাই শহীদের চিঠি’ এবং ‘বাংলাদেশ ২.০’ লেখা থাকায় এটি ঘিরে তৈরি হয়েছে কৌতূহল ও আবেগঘন পরিবেশ।
স্থাপনাটির পাশে ‘৩৬-জুলাই-২০২৬, শহীদের চিঠি পড়ুন’ লেখা রয়েছে। দর্শনার্থীরা প্রতীকী খাম হাতে নিয়ে ছবি তুলছেন এবং ডাকবাক্স থেকে শহীদদের নামে লেখা চিঠি সংগ্রহ করে পড়ছেন।
জানা গেছে, আয়োজকদের উদ্যোগের মূল উদ্দেশ্য হলো জুলাই আন্দোলনের আত্মত্যাগ, সংগ্রাম ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে ভিন্নধর্মী উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা। প্রতীকী চিঠিগুলোর মাধ্যমে শহীদদের স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশের বার্তা দর্শনার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে।
গণমাধ্যমকর্মী কারিমা আক্তার জানান, প্রচলিত প্রদর্শনীর তুলনায় এ ধরনের আয়োজন তাদের কাছে বেশি আবেগময় ও অর্থবহ মনে হয়েছে। শহীদদের স্মৃতিকে নতুনভাবে জানার সুযোগ তৈরি হয়েছে বলেও তারা মন্তব্য করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে স্মরণসভা, আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক আয়োজন ও স্মারক প্রদর্শনীর পাশাপাশি এ ধরনের সৃজনশীল উদ্যোগও দেখা যাচ্ছে।
ভোরের আকাশ/এনএ