১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ

চলমান বর্ষা মৌসুমে দেশের ১০টি সিটি করপোরেশন এলাকার রিকশা ও ভ্যানচালকদের মধ্যে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ করেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক।
এ উদ্যোগের আওতায় ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহীর বিভিন্ন নগর এলাকা রয়েছে।
বাংলালিংক জানায়, বর্ষাকালে জীবিকার তাগিদে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কাজ করে যেতে হয় রিকশা ও ভ্যানচালকদের। প্রবল বৃষ্টির সময় পর্যাপ্ত সুরক্ষা ছাড়াই তাদের রাস্তায় থাকতে হয়। এসব শ্রমজীবী মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে তাদের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে বাংলালিংকের ভূমিকা শুধু সংযোগসেবা প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রয়োজনের সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে কমিউনিটির জন্য ইতিবাচক ও অর্থবহ অবদান রাখাও প্রতিষ্ঠানটির অঙ্গীকারের অংশ।
এ উদ্যোগ প্রসঙ্গে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ভাবনা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রমজীবী মানুষ বৈরী আবহাওয়ার মধ্যেও শহরগুলোকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একটি রেইনকোট ছোট উদ্যোগ হলেও এর মাধ্যমে তাদের পরিশ্রমের প্রতি সম্মান জানানো হচ্ছে। পাশাপাশি মানুষের কল্যাণে পাশে থাকার প্রতিশ্রুতিও এ উদ্যোগের মাধ্যমে প্রকাশ পাচ্ছে।
বাংলালিংক জানায়, প্রতিকূল আবহাওয়ায় শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও জনকল্যাণে ভূমিকা রাখার বৃহত্তর লক্ষ্য নিয়ে তারা কাজ করছে। দৈনন্দিন কার্যক্রমের সঙ্গে করপোরেট সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম আরও নিবিড়ভাবে যুক্ত করতেও প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
ভোরের আকাশ/জেআ