স্বর্ণের দামে রেকর্ড, ভরিতে ছাড়াল ১ লাখ ৭৮ হাজার টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন দামে ভরিতে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা, যা এ পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ। বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবী সোনার দর বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে। কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
নতুন নির্ধারিত দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকা।
এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরি পরিবর্তন হতে পারে।
ভোরের আকাশ//হ.র