ডিএসই অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে ব্র্যাক ব্যাংক বন্ডের লেনদেন শুরু

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. (ডিএসই)-এর অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত হলো ‘ব্র্যাক ব্যাংক সেকেন্ড সাবঅর্ডিনেটেড বন্ড’। আজ মঙ্গলবার (১২ মে) ডিএসই কার্যালয়ে এ লক্ষ্যে ডিএসই এবং ব্র্যাক ব্যাংক পিএলসি’র মধ্যে একটি দ্বিপাক্ষিক তালিকাভুক্তিকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং ব্র্যাক ব্যাংক পিএলসি’র পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তারেক রেফাত উল্লাহ খান নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্ডটির লিড অ্যারেঞ্জার ‘ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড’ এবং ট্রাস্টি ‘ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড’-এর শীর্ষ কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই বন্ডটি যুক্ত হওয়ার মাধ্যমে ডিএসই’র এটিবি প্ল্যাটফর্মে তালিকাভুক্ত সিকিউরিটিজের সংখ্যা আরও বাড়ল। বর্তমানে এই প্ল্যাটফর্মে মোট ৮টি বন্ড এবং ১টি ইক্যুইটি তালিকাভুক্ত রয়েছে।