এনবিআরের ১৩১ সহকারী কর কমিশনারের বদলি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৩১ জন সহকারী কর কমিশনারকে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ‘কর প্রশাসন-১ শাখা’ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—মোহাম্মদ সাজ্জাদুর রহমান (কর অঞ্চল-১৬ ঢাকা → কর অঞ্চল-০২ চট্টগ্রাম), নূর মোহাম্মদ (কর অঞ্চল নরসিংদী), আব্দুল হক (কর অঞ্চল-০১ ঢাকা → কর অঞ্চল নোয়াখালী), হাদিউল ইসলাম সৈকত (কর অঞ্চল-০৩ ঢাকা → কর আপীল অঞ্চল-০২ ঢাকা) এবং সাদিয়া রহমান (কর অঞ্চল-০৪ চট্টগ্রাম → কর অঞ্চল ময়মনসিংহ)।
এছাড়া, মো. মামুনুর রশিদ (কর অঞ্চল-০২ ঢাকা → যশোর), আতাহার আলী খান (কর অঞ্চল-১১ ঢাকা → কর অঞ্চল-০৪ ঢাকা), মো. নজরুল ইসলাম খাঁ (কর অঞ্চল-০৪ ঢাকা → ফরিদপুর), ফরিদা ইয়াসমীন (কর অঞ্চল গাজীপুর → কর অঞ্চল-২০ ঢাকা) ও মিলন কুমার মৌলিক (কর অঞ্চল-১৮ ঢাকা → যশোর) সহ আরও অনেককে বিভিন্ন কর অঞ্চলে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, ৩৮তম, ৪১তম ও ৪৩তম বিসিএস (কর) ব্যাচের কর্মকর্তাদের বড় একটি অংশও এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। তাঁদের বিভিন্ন কর অঞ্চল ছাড়াও কর আপীল অঞ্চল, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল ও এনবিআরের বিভিন্ন শাখায় নতুন করে সংযুক্ত করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ সোমবার থেকেই কার্যকর হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
ভোরের আকাশ//হ.র