২৩ দিনে দেশে রেমিট্যান্স এলো ২১ হাজার কোটি টাকা

প্রবাসীরা চলতি আগস্ট মাসের প্রথম ২৩ দিনে দেশে পাঠিয়েছেন ১.৭৪ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এটি দাঁড়িয়েছে ২১ হাজার ৩৩৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
রোববার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। ব্যাংক কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের পদক্ষেপ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলে এই ধারাবাহিকতা বজায় এসেছে।
চলতি মাসের শেষ পর্যন্ত এই গতি অব্যাহত থাকলে, আগস্ট মাসে প্রবাসী রেমিট্যান্স প্রায় আড়াই বিলিয়ন ডলার পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, জুলাই মাসে দেশে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৪৮ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা।
গত ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসীদের রেমিট্যান্সের প্রবাহ রেকর্ড স্তরে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে এসেছে ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স ছিল ২৩.৭৪ বিলিয়ন ডলার।
ভোরের আকাশ/হ.র