পাঁচ মাসে ১২ হাজার ২০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পেল বিডা

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত প্রায় ১২ হাজার ২০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। মার্কিন ডলারে এই প্রস্তাবের পরিমাণ প্রায় ১০০ কোটি, যা বাংলাদেশি মুদ্রায় ডলারপ্রতি ১২২ টাকা ধরে হিসাব করা হয়েছে।
বিডা সূত্রে জানা গেছে, পাওয়া প্রস্তাবগুলোর প্রায় ২০ শতাংশ ইতোমধ্যে অগ্রসর ধাপে রয়েছে। এর মধ্যে চুক্তি স্বাক্ষর, জমি ইজারা ও বরাদ্দপত্র প্রদানের কাজ সম্পন্ন হয়েছে।
বিডার কর্মকর্তারা জানান, ধাপে ধাপে গড়ে ওঠা এই বিনিয়োগ পাইপলাইন আগামী এক থেকে দুই বছরের মধ্যে সম্ভাব্য মূলধন প্রবাহের একটি ইতিবাচক চিত্র ফুটিয়ে তুলছে।
বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান রোচি বলেন, “বাংলাদেশে বিনিয়োগ প্রবাহ বৃদ্ধির প্রবণতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিদেশি ও দেশি উদ্যোক্তাদের আগ্রহ বাড়াচ্ছে। আমাদের লক্ষ্য শুধু বিনিয়োগ বাড়ানো নয়, বরং তার মান ও টেকসই কাঠামো নিশ্চিত করা।”
বেজার (বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ) তথ্য অনুযায়ী, প্রস্তাবিত বিনিয়োগের প্রায় ৬০ শতাংশ এখনও অনুসন্ধানী বা যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে। এসব প্রস্তাবের মধ্যে সম্ভাব্যতা সমীক্ষা, প্রাথমিক আলোচনা ও প্রকল্প পরিকল্পনা অন্তর্ভুক্ত। এছাড়া প্রায় ২০ শতাংশ প্রস্তাব গভীর পর্যালোচনায় রয়েছে, যা নথিপত্র প্রস্তুতির পূর্ব ধাপ।
বিনিয়োগকারীদের আরও সুবিধা দিতে বেজা একটি ইউনিফাইড ইনভেস্টমেন্ট পোর্টাল চালুর উদ্যোগ নিয়েছে। পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের নির্বাহী সদস্য মো. নজরুল ইসলাম জানান, এই পোর্টালের মাধ্যমে জমির প্রাপ্যতা, অনুমোদন প্রক্রিয়া ও বিনিয়োগের অগ্রগতি এক প্ল্যাটফর্মেই দেখা যাবে। এতে বিনিয়োগকারীদের আস্থা যেমন বাড়বে, তেমনি প্রশাসনিক সময়ও কম লাগবে।
তিনি আরও জানান, রিয়েল টাইম ট্র্যাকিং সুবিধার কারণে সরকারি ও বেসরকারি উভয় পক্ষই বিনিয়োগ অগ্রগতি আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ করতে পারবে।
ভোরের আকাশ//হ.র