আবারও সোনার দামে রেকর্ড, ভরি ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা

দেশের বাজারে সোনার দাম লাগাতার বেড়েই চলছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও ভরিতে ৩ হাজার টাকার বেশি বাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে দাম।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। এর ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার ভরি (১১.৬৬৪ গ্রাম) ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকায় বিক্রি হবে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় এ সমন্বয় করা হয়েছে।
নতুন দর তালিকা
- ২২ ক্যারেট সোনা: ভরি ১,৮৫,৯৪৭ টাকা (বৃদ্ধি ৩,১৩৫ টাকা)
- ২১ ক্যারেট সোনা: ভরি ১,৭৭,৫০৩ টাকা (বৃদ্ধি ২,৯৯৮ টাকা)
- ১৮ ক্যারেট সোনা: ভরি ১,৫২,১৪৫ টাকা (বৃদ্ধি ২,৫৭৮ টাকা)
- সনাতন পদ্ধতি: ভরি ১,২৬,১৪৬ টাকা (বৃদ্ধি ২,২০৪ টাকা)
এর আগে ৮, ৪ ও ২ সেপ্টেম্বর এবং ৩১ ও ২৭ আগস্ট—এই পাঁচ দফায়ও সোনার দাম বাড়ানো হয়েছিল। ফলে স্বল্প সময়ের ব্যবধানে একাধিকবার নতুন উচ্চতায় পৌঁছেছে সোনার বাজার।
তবে সোনার দাম বেড়ে গেলেও রূপার বাজার স্থিতিশীল রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রূপার ভরি ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার ভরি ১ হাজার ৭২৬ টাকায় বিক্রি হচ্ছে।
ভোরের আকাশ//হ.র