২০ দিনে রেমিট্যান্স এলো ২০ হাজার কোটি টাকার বেশি

চলতি আগস্ট মাসের প্রথম ২০ দিনে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১৬৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ১ ডলার সমান ১২২ টাকা হিসেবে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২০ হাজার ৩২ কোটি টাকা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক।
তথ্য অনুযায়ী, চলতি বছরের এই সময়ে রেমিট্যান্স এসেছে গত বছরের তুলনায় বেশি। গত বছরের আগস্টের একই সময়ে এসেছিল ১৫৩ কোটি ডলার। অর্থাৎ এ বছর ১১ কোটি ২০ লাখ ডলার বেশি এসেছে।
এছাড়া চলতি অর্থবছরের (জুলাই–আগস্ট ২০) মধ্যে দেশে এসেছে ৪১২ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের (৩৪৪ কোটি ৩০ লাখ ডলার) তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।
এর আগে, নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার (প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা)।
গত অর্থবছরে (২০২৪-২৫) সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল মার্চ মাসে—৩২৯ কোটি ডলার, যা ছিল বছরের রেকর্ড।
পুরো অর্থবছরে (২০২৪-২৫) প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়ায় ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা ২০২৩-২৪ অর্থবছরের ২৩.৯১ বিলিয়ন ডলার থেকে প্রায় ২৬.৮ শতাংশ বেশি।
ভোরের আকাশ/হ.র