অবশেষে কমলো সোনার দাম

টানা ৮ দফা বৃদ্ধির পর দেশের বাজারে অবশেষে কমেছে স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে দুই হাজার ৫০৮ টাকা পর্যন্ত। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেটের) স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।
সোমবার (২৯ ডিসেম্বর) বাজুসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে নতুন মূল্য কার্যকর হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। এমতাবস্থায় আজ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন- বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশের বাজারে সোনার ও রৌপ্যের নতুন মূল্য নির্ধারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতিভরি সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৬ ৯২৩ টাকা। ২১ ক্যারটের ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতিভরি সোনার মূল্য ২ লাখ ১৬ হাজার ৬০০ টাকা। ১৮ ক্যারট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতিভরি সোনার মূল্য ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭২৩ টাকা।
ভোরের আকাশ/এসএইচ