আলুর সর্বনিম্ন মূল্য নির্ধারণ, সরকার কিনবে ৫০ হাজার টন

আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে হিমাগারের গেটে প্রতিকেজি আলুর সর্বনিম্ন দাম ২২ টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে কৃষকের স্বার্থ সুরক্ষায় সরকারি উদ্যোগে ৫০ হাজার টন আলু কেনারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে আলুর বিক্রয়মূল্য উৎপাদন খরচের তুলনায় কম হওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ অবস্থায় প্রধান উপদেষ্টার নির্দেশে আলুর ন্যায্যমূল্য নির্ধারণে একটি চার সদস্যের পর্যালোচনা কমিটি গঠন করা হয়। এতে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি এবং বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিবদের সদস্য করা হয়।
কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার তিনটি সিদ্ধান্ত গ্রহণ করেছে—
১. হিমাগারের গেটে আলুর প্রতিকেজির সর্বনিম্ন দাম হবে ২২ টাকা।
২. সরকার ৫০ হাজার টন আলু কিনে হিমাগারে সংরক্ষণ করবে এবং অক্টোবর-নভেম্বর মাসে বাজারে ছাড়বে।
৩. আগামী মৌসুমে আলুচাষিদের জন্য বিশেষ প্রণোদনা দেওয়া হবে।
ভোরের আকাশ//হ.র