দরপতনে শেষ হলো পুঁজিবাজারের সোমবারের লেনদেন

দেশের পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস লেনদেন শেষ হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তা বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট কমে ৫ হাজার ৩৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৫৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে ২ হাজার ৯০ পয়েন্টে অবস্থান করছে।
সোমবার ডিএসইতে ৪১০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৪৩০ কোটি ৭২ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে ২০ কোটি ১৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে ৩৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৪টির দর বেড়েছে, ২৫২টির দর কমেছে এবং ৫৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সায়হাম টেক্সটাইল, সিটি ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, মতিন স্পিনিং, ওরিয়ন ফার্মা, প্রাইম ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বেক্সিমকো ফার্মা ও মালেক স্পিনিং।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৫০টির শেয়ারদর বেড়েছে, ৯৭টির কমেছে এবং ২২টির দর অপরিবর্তিত রয়েছে।
সোমবার সিএসইতে ১৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ১৬ কোটি ১২ লাখ টাকা। ফলে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৩০ লাখ টাকা।
ভোরের আকাশ/জেআ