আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা।
মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বুধবার (২৩ জুলাই) থেকে নতুন দাম কার্যকর হবে।
এর আগে সর্বশেষ ৮ জুলাই সোনার দাম কিছুটা কমানো হয়েছিল। তারও আগে ২ জুলাই দাম বাড়ানো হয়। তবে বর্তমানে বাজার পরিস্থিতি বিবেচনায় আবারও দাম বাড়ানো হয়েছে।
সোনার নতুন দাম (ভরি প্রতি):
- ২২ ক্যারেট: ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা (বৃদ্ধি ১,০৫০ টাকা)
- ২১ ক্যারেট: ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা (বৃদ্ধি ১,০০৪ টাকা)
- ১৮ ক্যারেট: ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা (বৃদ্ধি ৮৫২ টাকা)
- সনাতন পদ্ধতি: ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা (বৃদ্ধি ৭৩৫ টাকা)
রুপার দাম অপরিবর্তিত (ভরি প্রতি):
- ২২ ক্যারেট: ২ হাজার ৮১১ টাকা
- ২১ ক্যারেট: ২ হাজার ৬৮৩ টাকা
- ১৮ ক্যারেট: ২ হাজার ২৯৮ টাকা
- সনাতন পদ্ধতি: ১ হাজার ৭২৬ টাকা
বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, সোনার দাম নির্ধারণে আন্তর্জাতিক বাজার, স্থানীয় তেজাবী সোনার দর এবং মূল্যস্ফীতির প্রভাব বিবেচনায় নেওয়া হয়।
ভোরের আকাশ//র.ন