বাংলাদেশে চীনের বিনিয়োগ তিন গুণ বৃদ্ধি: বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশে চীনের বিনিয়োগ গত কয়েক বছরে ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। শুক্রবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত “বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন”–এর উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
বাণিজ্য উপদেষ্টা বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে চীন ও বাংলাদেশের যৌথ সক্ষমতা, পারস্পরিক সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হচ্ছে। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সংযোগ আরও দৃঢ় হবে।
শেখ বশিরউদ্দীন জানান, উৎপাদন ও প্যাকেজিং খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরও দ্রুত এগিয়ে যেতে পারবে। তিনি বলেন, “আমাদের দুর্বলতাগুলো চিহ্নিত করতে হবে এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে তা কাটিয়ে উঠতে হবে।”
চীন ও জাপানের তুলনায় বাংলাদেশের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, তৈরি পোশাক খাতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক হিসেবে এগিয়ে থাকলেও সামগ্রিকভাবে এখনও পিছিয়ে রয়েছে।
সড়ক দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, প্রতি বছর বাংলাদেশে যে সংখ্যক মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তা ভয়াবহ। এ পরিস্থিতি মোকাবিলায় সড়ক অবকাঠামো ও পরিবহন ব্যবস্থার উন্নয়নে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কাঠামো নিয়ে আলোচনার প্রসঙ্গও তুলে ধরেন শেখ বশিরউদ্দীন। তিনি জানান, আগামী রোববার ওয়াশিংটনের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। তাদের সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ ইস্যুতে বিস্তারিত আলোচনা হবে।
চীনা দূতাবাস আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশের ৮টি এবং চীনের ৩২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। অবকাঠামো, প্রযুক্তি, টেলিকম, স্বাস্থ্য, কৃষি, শক্তি, পরিবহন ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতের দেশি-বিদেশি কোম্পানি, বিনিয়োগকারী, সরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করছেন।
প্রদর্শনীটি আজ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
ভোরের আকাশ//হ.র